নয়াদিল্লি: ঋষভ পন্থকে নিয়ে ভারতীয় শিবিরে স্বস্তির খবর। ফিটনেস টেস্টে সফল তিনি। সব ঠিক থাকলে ১২ নভেম্বর নিউজিল্যান্ড উড়ে যাবেন ভারতের তারকা উইকেটরক্ষক।
ইরানি কাপ খেলার সময়ই ভারতীয় এ দলে ডাক পেয়েছিলেন ঋষভ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় চোট। সাইড স্ট্রেনের কারণে তাঁকে বেশ কিছুদিন বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সলেন্সে রিহ্যাব করতে হয়। ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে বেসরকারি টেস্ট আর খেলার সুযোগ হয়নি ঋষভের। তা দেখে অনেকেই ভাবছিলেন, টেস্ট দল থেকেও হয়তো ছিটকে যাবেন। সেই আশঙ্কা আরও ঘনীভূত হয় যখন তিনি প্রথম ফিটনেস টেস্টে ব্যর্থ হন। তবে পন্থ লড়াকু ক্রিকেটার। তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, সেটা মাঠে হোক কিংবা জীবনের বাইশ গজে। তাই দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য রিহ্যাবে কোনও খামতি দেননি। তার সুফলও মিলল হাতেনাতে। ফিটনেস টেস্টে তিনি সফল। তবে ম্যাচ কন্ডিশনে ফেরার জন্য কিছুটা সময় লাগবে। তার প্রাথমিক পর্ব বেঙ্গালুরুতেই শুরু হয়েছে। বাকিটা নিউজিল্যান্ডে গিয়ে।
এমনিতেই ভারতীয় শিবির নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। তাই ওয়ান ডে সিরিজের মাঝ পথেই লাল বলের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। ১২ নভেম্বর ঋষভেরও টেস্ট দলে যোগ দেওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কি ঋষভ খেলার সুযোগ পাবেন? কারণ, ধ্রুব জুরেল ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে চট করে বাদ দেওয়া কঠিন। তাই ঋষভকে খেলাতে গেলে ভারতের কম্বিনেশনে থাকবে বড়ো চমক। আপাতত তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।



