অকল্যান্ড: বৃষ্টি পড়ছে মাঝেমধ্যেই। মেঘলা আকাশের দোসর এলোমেলো হাওয়া। এরমধ্যেই অকল্যান্ডে প্রস্তুতি সেরে ফেলল খালিদ ব্রিগেড। আন্তর্জাতিক বিরতিতে কিউয়িদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবেন মনবীর, লিস্টনরা। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে এগারোটায় প্রথম ম্যাচ। স্থানীয় গো মিডিয়া স্টেডিয়ামে খালিদের অ্যাসিড টেস্ট। রবিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় খেলা। এটিই ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে প্রথম ফুটবল ম্যাচ।
মাসখানেক আগেই কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ব্লু টাইগার্স। হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে কতটা লাভ হল? কিছুটা আন্দাজ মিলতে পারে অকল্যান্ডে। বহু সমালোচনার পর গুরপ্রীত সিং সান্ধুকে বাদ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বদলে অন্যতম সেরা বিশাল কাইথের উপর প্রবল প্রত্যাশা। তবে রক্ষণ নিয়ে প্রবল চিন্তায় মুম্বইকর কোচ। আনোয়ার আলির চোট। তাঁর অনুপস্থিতিতে স্টপারে খেলবেন কে? বিজয় ভার্গিসকেই দায়িত্ব নিতে হবে। ডিফেন্সিভ ব্লকারের পজিশনও খুবই গুরুত্বপূর্ণ। আপুইয়া ও জিকসনকে পাচ্ছেন না খালিদ। ফলে ডাবল পিভট বেছে নিতে হবে তাঁকে। পাশাপাশি ছন্দে থাকা সাহাল আবদুল সামাদও প্রায় দেড় মাসের জন্য বাইরে। মাঝমাঠে তাঁর অভাবও অনুভূত হবে। হ্যামস্ট্রিংয়ে আঘাত লাগায় শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন এডমুন্ড। মিজো ফুটবলারেরবদলে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মহম্মদ সানানকে। সব মিলিয়ে তরুণ প্রজন্মই খালিদের ভরসা। মূলত প্রতি-আক্রমণ নির্ভর স্ট্র্যাটেজিই খালিদের পছন্দ। মাঝমাঠ জমাট করে ৪-২-৩-১ ফর্মেশনেই দলকে খেলাতে পারেন তিনি। লক্ষ্যভেদের জন্য রায়ান উইলিয়ামসই সেরা বাজি। পাশাপাশি জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ডেভিড। এএফসিতে লাল-হলুদের তরুণ স্ট্রাইকারকে বিদেশি দলের বিরুদ্ধে খেলাচ্ছেন হাবাস। সুযোগ পেলে ব্লু টাইগার্সের হয়ে উজাড় করে দিতে চান ডেভিড।
ফিফা র্যাংকিংয়ে ৮৮ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। রিচার্ড হ্যাডলি,মার্টিন ক্রো’র দেশ ক্রিকেটে ভারতের প্রবল চ্যালেঞ্জার। কিন্তু ফুটবলে অনেক এগিয়ে কিউয়িরা। গত বিশ্বকাপে অবশ্য সেভাবে দাগ কাটতে পারেনি তারা। গ্রুপ লিগে ইরানের সঙ্গে ২-২ ড্র করলেও বেলজিয়াম ও মিশরের কাছে পরাস্ত হয় তারা। স্কোয়াডের বেশ কিছু ফুটবলার অস্ট্রেলিয়ান লিগে খেলেন। গতি ও ফিটনেসে ভারতের উপর চাপ বাড়াতে চায় তারা।



