গাড়িতে বসিয়েই ভার্চুয়াল শুনানি, আত্মসমর্পণ করে জামিন নিলেন পার্থ
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসির গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কোর্টে আত্মসমর্পণ করে জামিন নিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আলিপুরের সিবিআই আদালত ছয়টি শর্তে সাত হাজার টাকার জামিনে তাঁকে মুক্তি দেয়। এদিন পার্থর কৌঁসুলি বিপ্লব গোস্বামী মামলার শুরু আগে বিচারককে বলেন, ‘আমার মক্কেল অসুস্থ। লিফট নেই। তাই সিঁড়ি ভেঙে দোতলায় আদালত কক্ষে আসতে পারছেন না।’ জমা দেওয়া হয় মেডিকেল নথিপত্র। এরপরই কোর্ট চত্বরে একটি গাড়িতে বসিয়ে রেখে ভার্চুয়াল মাধ্যমে তাঁর শুনানি হয়। পার্থর জামিনের আবেদন জানান তাঁর কৌঁসুলি। বিচারক তা মঞ্জুরও করেন। 

Advertisement

এদিন অভিযুক্তের জামিনের বেঁধে দেওয়া শর্তের মধ্যে রয়েছে, পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। কোর্টের অনুমতি ছাড়া অভিযুক্ত রাজ্য ছাড়তে পারবেন না। মামলার চার্জগঠনের সময় অবশ্যই অভিযুক্তকে কোর্টে সশরীরে হাজির থাকতে হবে। কোনো অবস্থাতাতেই মামলাকে প্রভাবিত করা চলবে না। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে অভিযুক্ত মন্ত্রীর নাম থাকায় আদালত তাঁকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। তার ভিত্তিতেই এদিন তিনি কোর্টে হাজির হন। পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর। ওইদিন তাঁর হাতে চার্জশিটের নথির প্রতিলিপি দেবে সিবিআই।