মুল্লানপুর: ঘরের মাঠ চিন্নাস্বামীতে গত ম্যাচে পাঞ্জাব কিংসের সামনে মুখ থুবড়ে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একশো রানের গণ্ডিও টপকাতে পারেনি তারা। জবাবে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শ্রেয়স আয়ারের দল। দু’দিনের মধ্যে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। রবিবার পাঞ্জাবের ঘরের মাঠ মুল্লানপুরে হারের বদলা নিতে মরিয়া বিরাট কোহলিরা।
গত ম্যাচে মূলত ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছিল আরসিবিকে। বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে শুরু থেকে আগ্রাসন দেখানোটাই কাল হয় ফিল সল্ট, বিরাটদের। সেই ধাক্কা সামলে জয়ের সরণিতে ফেরার ব্যাপারে আশাবাদী বেঙ্গালুরু। ক্যাপ্টেন রজত পাতিদারের কথায়, ‘বৃষ্টিবিঘ্নিত ম্যাচ বরাবরই কঠিন হয়। তবে অজুহাতের জায়গা নেই। আমাদের ব্যাটারদের আরও ভালো খেলা উচিত ছিল। তবে গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী।’ উল্লেখ, রজতের নেতৃত্বে চলতি মরশুমে মোটামুটি ছন্দে রয়েছে বেঙ্গালুরু। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ব্যাটিংয়ে দলের বড় ভরসা বিরাট কোহলি। এছাড়া শুরুতে ফিল সল্ট ঝড় তুললে বিপক্ষের কপালে দুঃখ রয়েছে। রজত পাতিদার, দেবদূত পাদিক্কালরাও ছন্দে আছেন। ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলউড, যশ দয়ালদের উপস্থিতিতে বেঙ্গালুরুর বোলিংও বেশ শক্তিশালী।
অন্যদিকে, শ্রেয়সের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসও এবার দারুণ ফর্মে। ৭ ম্যাচের ৫টি জিতেছে তারা। ব্যাট হাতে দলকে সামনে থেকে পথ দেখাচ্ছেন শ্রেয়স। দুই ওপেনার প্রভসিমরণ সিং, প্রিয়াংশ আর্যও রানের মধ্যে আছেন। মিডল অর্ডারে ধারাবাহিকতা দেখাচ্ছেন নেহাল ওয়াধেরা। আর বোলিংয়ে অর্শদীপ সিং, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহালের মতো নাম রয়েছে। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে বিরাটদের জয়ে ফেরার পথ মোটেই মসৃণ হবে না।