সিডনি, ২৫ অক্টোবর: সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে দাপটের সঙ্গে জয় পেল ভারত। ২৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে জয় পেল শুভমন গিল বাহিনী। ৪৬.৪ ওভারে জয় নিশ্চিত করল তারা।
ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করে এদিন জ্বলে উঠলেন বিরাট কোহলি। আগের দিন অল্পের জন্য হাতছাড়া হলেও এদিন নিজের কেরিয়ারের ৩৩তম ওডিআই সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। ১২৫ বলে অপরাজিত ১২১ রানে ঝকঝকে ইনিংস উপহার দিলেন তিনি। এদিকে, কোহলির ব্যাট থেকে এলো ৮১ বলে ৭৪ রান। অধিনায়ক শুভমনের সংগ্রহ ২৬ বলে ২৪ রান।
নিয়মরক্ষার ম্যাচ হলেও এদিন প্রথম থেকে আকর্ষণের কেন্দ্রে ছিলেন কোহলিই। পর পর দু’টি ম্যাচে শূন্য হাতে ফিরলেও, সিডনিতে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ছিল সকলেই। সেটা সম্ভবত বুঝতে পেয়েছিলে কোহলি স্বয়ং। তাই এদিন শূন্যের ফাঁড়া কেটে যাওয়া পরে দৃশ্যতই তাঁকে উচ্ছ্বাস করতে দেখা যায়। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অল আউট হয়ে যায় অজিরা। রেনশ দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন। ভারতের হর্ষিত রানা একাই চারটি উইকেট নেন। দু’টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। সিরাজ, প্রসিদ্ধ, কূলদীপ এবং অক্ষর প্যাটেল একটি করে উইকেট পেয়েছেন।