Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ, মণিপুরে আহত ১০ জন

ফের অশান্তি মণিপুরে। ইম্ফল পশ্চিমে নাগা সম্প্রদায়ের ৬ জনকে হত্যার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ, মণিপুরে আহত ১০ জন
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের অশান্তি মণিপুরে। ইম্ফল পশ্চিমে নাগা সম্প্রদায়ের ৬ জনকে হত্যার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।  বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে তিনজন নিরাপত্তাকর্মী। বিক্ষোভকারীদের অভিযোগ, ছয় নাগা সম্প্রদায়ের নাগরিককে কুকি জঙ্গিরা অপহরণ করে হত্যা করেছে। 

Advertisement

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ইম্ফল পশ্চিম জেলার নামদিলং নাগা গ্রামে নাগা ও মেইতেই সম্প্রদায়ের শতাধিক মানুষ বিক্ষোভে বসেন। অন্যদিকে, শীর্ষ নাগা সংগঠন ইউনাইটেড নাগা কাউন্সিলের নেতৃত্বে বিক্ষোভকারীরা কাংলাটংবি বাজার থেকে নামদিলং নাগা গ্রামের দিকে জাতীয় সড়ক-২ ধরে মিছিল বের করে। এই মিছিলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। পাল্টা বিক্ষোভকারীরাও বাহিনীকে লক্ষ্য করে পাথর এবং গুলতি ছুড়তে থাকে। এতেই ১০ জন আহত হন। এদিকে, মণিপুরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মণিপুরের রাজ্যপাল ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। রাজ্যে জনগণনা শুরুর আগে এনআরসি-র কাজ সম্পন্ন করার দাবিতে জাস্ট অ্যান্ড ফেয়ার ডিলিমিটেশন-এর ডাকা ৪৮ ঘণ্টার বন্‌ধের দ্বিতীয় দিনে মণিপুরের উপত্যকা-সংলগ্ন বিভিন্ন জেলায় বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কোন্থৌজামের কুশপুতুল পোড়ান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ