বিশেষ সংবাদদাতা, ইম্ফল: কিছুদিন শান্ত থাকার পর ফের হিংসার আগুন জ্বলল মণিপুরে। শনিবার রাত থেকে ইম্ফল উপত্যকার একাধিক জায়গায় সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার রাতে মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরাম্বাই টেংগোলের শীর্ষ নেতা কানন সিংকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে সিবিআই। ওই সংগঠনের আরও চারজনকে গ্রেপ্তার করে মণিপুর পুলিস। পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানাজানি হতেই জড়ো হতে থাকে মেইতেই সম্প্রদায়ের লোকজন। পাঁচ নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে বিক্ষোভকারীরা কোয়াকেইথেল পুলিস ফাঁড়িতে হামলা চালায়। কোয়াকেইথেল ও উরিপোকের একাধিক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়ায় বিক্ষোভকারীরা। ইম্ফল পূর্ব জেলার খুরাই লামলংয়ে বাস পুড়িয়ে দেওয়া হয়। হিংসার আগুন পৌঁছে যায় রাজভবনের কাছেও। সেখান থেকে মাত্র ২০০ মিটার দূরে বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়। ধৃত মেইতেই নেতা কাননকে নিয়ে সিবিআই যাতে অন্য কোথায় যেতে না পারে, তার জন্য বিমানবন্দরের প্রধান রাস্তায় শুয়ে পড়ে বহু বিক্ষোভকারী। তাদের হটাতে পুলিস কয়েক রাউন্ড গুলি চালায় বলে কয়েকটি সূত্রে জানা গিয়েছে। এর মধ্যেই রাজধানী ইম্ফলের রাস্তায় দাঁড়িয়ে মাথায় পেট্রল ঢালতে শুরু করে কয়েকশো তরুণ। তাঁদের বলতে শোনা যায়, ‘আমরা অস্ত্র ছেড়েছি। এখন আমাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করব।’ ওই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।



