Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

ভিনির গতিই অস্ত্র ব্রাজিলের

ঘড়ির কাঁটা বিকেল তিনটে পেরিয়েছে। পুলিশের হুটারের শব্দে গমগম করছে গোটা যুবভারতী। সবুজ-হলুদ রংয়ে মোড়া বিশাল দু’টি টিম বাস মূল ফটকের সামনে দাঁড়াতেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হল চত্বর।

ভিনির গতিই অস্ত্র ব্রাজিলের
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: ঘড়ির কাঁটা বিকেল তিনটে পেরিয়েছে। পুলিশের হুটারের শব্দে গমগম করছে গোটা যুবভারতী। সবুজ-হলুদ রংয়ে মোড়া বিশাল দু’টি টিম বাস মূল ফটকের সামনে দাঁড়াতেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হল চত্বর। টিম বাস থেকে সবার আগে নেমে এলেন কোচ আনসেলোত্তি। এরপর একে একে ফুটবলাররা ঢুকে গেলেন ড্রেসিং-রুমে।

Advertisement

স্টেডিয়ামে পৌঁছানোর প্রায় পৌঁনে এক ঘণ্টার পর মাঠে প্রবেশ করেন ব্রাজিল ফুটবলাররা। ক্যামেরার ফোকাসের কেন্দ্রে ভিনিসিয়াস। বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন নেইমার। চোটের কারণে নেই রাফিনহা। তাই বর্তমানে ব্রাজিল দলে একমাত্র তারকা ভিনি। শনিবার ম্যাচে এই তরুণ উইঙ্গারের গতির ঝলকানি দেখতে মাঠ ভরাবেন অনুরাগীরা। ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি অবশ্য ব্যক্তি পুজোতে বিশ্বাসী নন। বরং বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ২০২৮ কোপা আমেরিকার দল নতুন করে গঠনের লক্ষ্যেই এই ফিফা উইন্ডোকে ব্যবহার করতে চাইছেন তিনি। তাই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও পূর্ণশক্তির দলই সাজাতে চলেছেন অভিজ্ঞ কোচ। একটাই লক্ষ্য, শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে বড়ো জয় নিয়েই দেশে ফেরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি ম্যাচেই গোল হজম করেছে ব্রাজিল। শনিবার ভারতের বিরুদ্ধে তাই অভিজ্ঞ মার্কুইনহোসকে প্রথম একাদশে রেখেই রক্ষণ জমাট করতে চাইবেন আনসেলোত্তি। একইসঙ্গে মাঝমাঠ ও আপফ্রন্টেও আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ম্যাচে নাম্বার টেন পজিশনে শুরু করেছিলেন রাফিনহা। তবে ভারতের বিরুদ্ধে তাঁর জায়গায় দলে আসতে পারেন এনড্রিক। আর লেফট উইংয়ে খেলার সম্ভাবনা প্রবল এস্তেভাওয়ের। মূলত আপফ্রন্টে ভিনিসিয়াস-এনড্রিক-এস্তেভাও ত্রিফলায় ভর করেই ভারতের রক্ষণে ফাটল ধরাতে চাইবেন ব্রাজিল কোচ। এছাড়া মাঝমাঠে প্রথম একাদশে জায়গা পেতে পারেন মার্তিনেল্লি ও ব্রেনো বিদোন।
অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের আবহাওয়ার পার্থক্য অনেক। কলকাতায় গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ সেভাবে পাননি ভিনিসিয়াসরা। শুক্রবার অনুশীলনে যুবভারতীতে পা রেখে প্রবল আর্দ্রতায় কিছুটা হকচকিয়ে যান কোচ আনসেলোত্তিও। শুরুতে বসে থাকেন সাইড বেঞ্চেই। তবে সংবাদমাধ্যম মাঠ ছাড়তেই ফুটবলারদের নিয়ে ভারত ম্যাচের চূড়ান্ত মহড়া সেরে নিলেন ‘ডন’ কার্লো।

Advertisement
সম্পর্কিত সংবাদ