Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ভোগ দেখাতে জলকাদায় ভরা রাস্তা দিয়ে মন্ত্রীকে হাঁটালেন গ্রামবাসীরা

বেহাল রাস্তা নিয়ে অভিনব প্রতিবাদে সরব হলেন দিনহাটা-২ ব্লকের বুড়িরহাট-১ পঞ্চায়েতের কুকুরকচুয়া গ্রামের মহিলারা। বুধবার এলাকায় জলকাদা জমা রাস্তা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হাঁটিয়ে নিজেদের দুর্দশার চিত্র সামনে আনলেন তাঁরা।

দুর্ভোগ দেখাতে জলকাদায় ভরা রাস্তা দিয়ে মন্ত্রীকে হাঁটালেন গ্রামবাসীরা
  • ৫ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: বেহাল রাস্তা নিয়ে অভিনব প্রতিবাদে সরব হলেন দিনহাটা-২ ব্লকের বুড়িরহাট-১ পঞ্চায়েতের কুকুরকচুয়া গ্রামের মহিলারা। বুধবার এলাকায় জলকাদা জমা রাস্তা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হাঁটিয়ে নিজেদের দুর্দশার চিত্র সামনে আনলেন তাঁরা। 

Advertisement

এদিন মন্ত্রী জনসংযোগ কর্মসূচিতে গ্রামে এলে স্থানীয় মহিলারা কাদামাখা রাস্তা ধরে তাঁকে হেঁটে যেতে অনুরোধ করেন। প্রথমে কিছুটা অনীহা থাকলেও মহিলাদের অনড় মনোভাব দেখে মন্ত্রী সেই রাস্তা হেঁটে পার হন। রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, তা সরেজমিনে অনুভব করেন তিনি। 
স্থানীয়দের অভিযোগ, বলরামপুর রোড থেকে কুকুরকচুয়া পর্যন্ত প্রায় দেড় কিমি দীর্ঘ এই গ্রামীণ রাস্তাটি বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। রাস্তার একাধিক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা বর্ষাকালে জল আর কাদায় পরিণত হয়। ফলে স্কুলপড়ুয়া থেকে বৃদ্ধ-বৃদ্ধা, সকলকেই বিপদের মধ্যে পড়ে চলাফেরা করতে হয়। 
স্থানীয় বাসিন্দা রজকিনী রায় দে বলেন, প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তায় পিচ হবে। কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি। একাধিকবার সরকারি লোক এসে মাপজোখ করে গিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবার মন্ত্রী নিজে রাস্তা হেঁটে দেখেছেন। আমরা চাই, এবার অন্তত কাজটা হোক। 
মন্ত্রী উদয়ন গুহ বলেন, বর্ষার জন্যই রাস্তাগুলির এই অবস্থা। যতটা সম্ভব, আমরা মেরামতের কাজ চালাচ্ছি। অনেকে আমাকে আরও অনেক রাস্তা ঘুরে দেখার অনুরোধ করেছিলেন। আমি বলেছি, হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায় সব ভাত সেদ্ধ হয়েছে কি না। এই রাস্তা দেখেই বাকিগুলির অবস্থাও আঁচ করেছি। 
দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মন্ত্রীর জনসংযোগ ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে। বহু মানুষ পানীয় জল, সেচ, রাস্তা সহ বিভিন্ন সমস্যার কথা সরাসরি মন্ত্রীকে জানাচ্ছে। সেই সব দাবি, অভিযোগ খতিয়ে দেখে যথাসম্ভব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন মন্ত্রী।  নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ