নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম ব্লকের সাপধরা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্ৰাম ছোট চাঁদাবিলা। গ্ৰামবাসীদের পুতরঙ্গি খালের ছোট বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হয়। খালের উপর সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। দীর্ঘ সময় ধরে দাবি পূরণ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে।
বর্ষা এলেই জলের তোড়ে পুতরঙ্গি খালের বাঁশের সাঁকো ভেঙে যায়। তখন সেজুয়া, পিপড়ি, ছোট চাঁদাবিলা সহ ১০-১২টি গ্ৰামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝাড়গ্রাম শহরে আসার রাস্তাও বন্ধ হয়ে যায়। জামবনী ব্লকের চিল্কিগড় হয়ে বাসিন্দাদের যাতায়াত করতে হয়। স্কুল-কলেজ বা বাজার-হাট যেতে একমাত্র ভরসা ওই বাঁশের সাঁকোর রাস্তা। গ্ৰামে অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা নেই। অসুস্থ মানুষকে বাঁশের সাঁকো পার করিয়ে আনতে হয়। বাঁশের সাঁকোর উপর দিয়েই বাইক চলাচল করে। ফলে, সাঁকোটি আরও দুর্বল হয়ে পড়েছে। ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গ্ৰামবাসীরা দীর্ঘদিন ধরে সেতু তৈরির দাবি জানাচ্ছেন। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও সেই দাবি পূরণ হয়নি। ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। ছোট চাঁদাবিলা গ্ৰামের বাসিন্দা বাসুদেব মাহাত বলেন, গ্ৰামে প্রায় ৫০০ মানুষের বাস। আশপাশের গ্ৰামের বাসিন্দারাও বাঁশের সাঁকোর রাস্তা ব্যবহার করেন। গ্ৰামে যাতায়াতের এটাই একমাত্র পথ। সাঁকো ভেঙে গেলে সেজুয়া হয়ে জামবনী দিয়ে যাতায়াত করতে হয়। সেতুর দাবিতে দু’বার রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছেন গ্রামবাসীরা। বছরের পর বছর ধরে সেতু তৈরির আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু কাজ কিছুই হচ্ছে না। ঢেকিপুরার বাসিন্দা নির্মল মাহাত বলেন, বর্ষায় সাঁকো ভেঙে গেলে যাতায়াতের সমস্যা হয়। ঝাড়গ্রাম শহরে আমাদের আসতেই হয়। সেইসময় ঘুরপথে যেতে হয়। গ্ৰামের ছেলেমেয়েরা শহরে টিউশন পড়তে যেতে সমস্যায় পড়ে। অসুস্থ ব্যক্তিদের চিল্কিগড় হয়ে ঝাড়গ্রামে নিয়ে যেতে হয়। স্থায়ী সেতু না হওয়া পর্যন্ত সমস্যার সমাধান হবে না।
গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান অসীম মাহাত বলেন, সেতু তৈরিতে কমপক্ষে ৬০-৭০ লক্ষ টাকা লাগবে। পঞ্চায়েত এক অর্থবছরে ৫০ লক্ষ টাকার বেশি পায় না। পাঁচ লক্ষ টাকার কাজ করতে গেলে ব্লক ও পঞ্চায়েত সমিতির অনুমোদন লাগে। গ্ৰামবাসীরা সেতু তৈরির জন্য স্বাভাবিকভাবেই দাবি জানাচ্ছেন। আমাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তবে সেতু তৈরির জন্য জেলা পরিষদ উদ্যোগ নিচ্ছে বলে শুনেছি। পঞ্চায়েতের তরফেও সেতু তৈরির জন্য ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি বলেন, গ্ৰাম পঞ্চায়েতের ১০-১২টি গ্ৰামের বাসিন্দার যাতায়াতের একমাত্র রাস্তা পুতরঙ্গি খালের বাঁশের সাঁকো। খালের উপর সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এক কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি হবে। জেলা পরিষদ সেতুর কাজ দ্রুত শুরু করার জন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছে।