Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দাবিমতো চাঁদা না দেওয়ায় এক বাসিন্দাকে মারধর, তদন্তে পুলিস

দাবিমতো চাঁদা না দেওয়ায় এক  বাসিন্দাকে মারধর, তদন্তে পুলিস
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: দাবি মতো চাঁদা না দেওয়ায় নামখানায় এক গ্রামবাসীকে মারধর। এমন অভিযোগ একটি পূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে। এবিষয়ে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনির কুসুমতলা পূর্বঘেরি এলাকায় মনসা পূজার আয়োজন করা হয়েছিল। ওই পূজা কমিটির সদস্যরা প্রভাত পাত্র নামে ওই এলাকার এক বাসিন্দার কাছ থেকে দেড় হাজার টাকা চাঁদা দাবি করেন। এই নিয়েই সমস্যা।

Advertisement

প্রভাত পাত্র বলেন, বাড়িতে ক্যান্সার রোগী রয়েছেন। ৫০০ টাকা দেব বলে কমিটিকে জানিয়েছিলাম। কিন্তু কমিটি সেই টাকা নেয়নি। অথচ যাত্রা অনুষ্ঠানের দিন পূজা মণ্ডপের কাছে গেলে আমাকে মারধর করা হয়। আমার স্ত্রীকেও অপমান করা হয়। এমনকী অসুস্থ স্ত্রীকে কিছু মহিলা মারধরও করেন। এদিকে, এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এর তীব্র নিন্দা করেছেন। এক বাসিন্দা বিনয় গিরি বলেন, অতীতে নামখানা ব্লকে এমন ঘটনা কখনও ঘটেনি। প্রভাতের পরিবারকে পূজা কমিটির লোকেদের মারধর করা উচিত হয়নি। এই ঘটনার প্রতিকার হওয়া দরকার। 
অন্যদিকে, মৌসুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, পাত্র পরিবার পঞ্চায়েতকে বিষয়টি জানায়নি। তবে ঘটনাটি লোকের মুখে শুনেছি। খুবই নিন্দনীয় ঘটনা। আরও শুনেছি, ওই পরিবার আইনের দ্বারস্থ হয়েছেন। আইন আইনের পথে চলবে। ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে দোষীরা অবশ্যই শাস্তি পাবেন। তবে পূজা কমিটির কোনও সদস্য এই বিষয়ে মুখ খুলতে চাননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ