সংবাদদাতা, বজবজ: মহেশতলা, ঠাকুরপুকুর মহেশতলা ব্লক, বজবজ, পুজালি, রবীন্দ্রনগর জুড়ে কালীপুজোর নিরঞ্জন শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ছটপুজো নিয়ে পুলিস, প্রশাসনের তৎপরতা। কোনো থানা এলাকার কতগুলি ঘাটে ছটপুজো উপলক্ষ্যে স্নান হতে পারে, তার একটি তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০টি গঙ্গার ঘাট বাছাই করা হয়েছে। এর মধ্যে ১০ থেকে ১২টি ঘাটে বেশি ভিড় হতে পারে বলে প্রশাসন মনে করছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘাটগুলি হল বজবজ থানা ঘাট, বালুরঘাট, বজবজ কালীমন্দির ঘাট, বিবি গ্রাউন্ড তথা ঝাউতলা ঘাট, ওরিয়েন্ট ঘাট, গান্ধী ঘাট, একফটক ঘাট, তিনফটক, রায়পুর, বুড়ুল, পুজালি রাজীব ঘাট, সিদ্ধেশ্বরী ঘাট, অছিপুর ওল্ড ফেরিঘাট, তেঁতুলতলা ঘাট, সুদাম ঘাট, বাটা ঘাট, নুঙ্গি ঘাট, আকড়া ঘাট ও পালপাড়া ঘাট।
ইতিমধ্যে ভিডিও কনফারেন্সে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের সঙ্গে বজবজ-১, বজবজ-২, ঠাকুরপুকুর মহেশতলার বিডিও এবং থানার আইসি ও পুর প্রশাসনের কর্তাদের একপ্রস্থ আলোচনা হয়েছে। যে সমস্ত ঘাটগুলি ছটপুজোর জন্য চিহ্নিত করা হয়েছে, সেখানে কী কী সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে, তাও পরিকল্পনা হয়েছে। চিহ্নিত ঘাটগুলির দু’ধারে বাঁশের ব্যারিকেড দেওয়া হচ্ছে। ঘাটের চারপাশ সাফসুতরো এবং পোশাক বদলের জন্য অস্থায়ী ঘর করা হচ্ছে।
এই বিষয়টি নিয়ে মহেশতলার এসডিপিও ধীমান দত্ত বলেন, রবিবার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ছটপুজো চলবে। আজ, শুক্রবার আলিপুর মহকুমা শাসক এবং আমরা সব ঘাটগুলি সরজমিনে ঘুরে দেখব। পুরসভা, পুলিস ও প্রশাসন মিলিতভাবে ঘাটগুলির উপর নজরদারি চালাবে। এক্ষেত্রে কোমর পর্যন্ত জলে নামতে দেওয়া হলেও একটি নির্দিষ্ট লক্ষ্মণরেখা টেনে দেওয়া হবে। প্রতিটি ঘাটে বিপর্যয় মোকাবিলা বিভাগ, সিভিল ডিফেন্স-এর লোকজন থাকবেন। ভুটভুটি, স্পিড বোটও রাখা হচ্ছে। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে। থাকবে মেডিকেল টিম। এছাড়াও ঘাটে ঢোকা ও বেরনোর রাস্তাগুলিতে যানজট এড়াতে সবসময় ট্রাফিক নজরদারি চালানো হবে।



