Bartaman Logo
১০ জুন, ২০২৬

ওড়িশায় সরকারি ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে ভিজিলেন্স হানা, বাজেয়াপ্ত ২ কোটি

ওড়িশায় সরকারি ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে ভিজিলেন্স হানা, বাজেয়াপ্ত ২ কোটি
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে ওড়িশার সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযান চালিয়েছিল ভিজিলেন্স দপ্তর। অভিযানের কথা টের পেতেই ভুবনেশ্বরের ফ্ল্যাটে রাখা পাঁচশো টাকার একের পর এক বান্ডিল জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন ওই ইঞ্জিনিয়ার। যদিও শেষরক্ষা হয়নি। শুক্রবার ওই ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট থেকে ১ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করেছে ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা। তাঁর অন্য বাড়ি থেকেও ১ কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। ওই টাকার পুরোটাই হিসেব বহির্ভূত। এভাবে তাড়া তাড়া নোট বাইরে ফেলে দেওয়ার ঘটনায় তাজ্জব অভিযুক্ত ইঞ্জিনিয়ারের প্রতিবেশীরাও। কীভাবে এত টাকা সরকারি ইঞ্জিনিয়ারের কাছে এল তার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

ভিজিলেন্স দপ্তর সূত্রে খবর, অভিযুক্তের নাম বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী। তিনি গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ভুবনেশ্বরে কর্মরত। এদিন সকালে ভুবনেশ্বরের ডুমডুমা এলাকায় বৈকুণ্ঠনাথের ফ্ল্যাটে হানা দেন আধিকারিকরা। এছাড়া ভুবনেশ্বর, আঙ্গুল ও পুরীর কাছে পিপিলির মোট সাতটি জায়গায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিসের আটজন ডেপুটি সুপার পদমর্যাদার আধিকারিক। 
এক আধিকারিক জানান, তাঁদের দেখতে পেয়েই জানলা দিয়ে নোটের বান্ডিল ফেলতে শুরু করেন বৈকুণ্ঠনাথ। আকাশ থেকে নোট পড়তে দেখে হতভম্ব হয়ে যায় আশপাশের বাসিন্দারা। যদিও শেষরক্ষা হয়নি। ফেলে দেওয়া টাকার সবটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, আঙ্গুল জেলার করদাগড়িয়া এলাকার একটি দোতলা বাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়। ওই বাড়িটিও বৈকুণ্ঠনাথের। সূত্রে খবর, টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে। অভিযুক্ত ইঞ্জিনিয়ারের আর কী কী লুকনো সম্পত্তি রয়েছে, তার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ