সংবাদদাতা, নকশালবাড়ি: ৩০হাজার টাকা নিয়ে ফেরাননি। বিজেপির নকশালবাড়ি মণ্ডল সভাপতি তথা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাধন চক্রবর্তীর নামে এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চোপড়ার কৃষ্ণ রায় নামে এক যুবক ভিডিও ভাইরাল করেছেন। এনিয়ে জোর চর্চা চলছে নকশালবাড়ি ব্লকজুড়ে। ‘বর্তমান’ অবশ্য ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি। বিজেপি নেতা সাধন চক্রবর্তী বলেন, যে ছেলেটি আমার নামে ভিডিও ভাইরাল করেছে সে আমার পাড়া শান্তিনগরের এক মেয়েকে বিয়ে করেছে। এরপর পারিবারিক অশান্তির জেরে বছর দেড়েক আগে সংসার করবে না বলে মেয়েটি বাপেরবাড়ি চলে আসে। মেয়েটি বধূ নির্যাতনের মামলা করেছে ওই যুবকের নামে। আমি বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলাম। তখন থেকে ছেলেটি আমাকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করছে। এবার আমার নামে মিথ্যা অভিযোগ তুলে ভিডিও ভাইরাল করেছে। এতে আমার সম্মানহানি হচ্ছে। এনিয়ে আমি থানার দ্বারস্থ হব।



