Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষ্ণুপুরে জেসিবি নিয়ে বিজয় মিছিল! বিজেপির পালটা আজই পথে তৃণমূল

দলীয় নির্দেশ অমান্য করে জেসিবি নিয়ে বিজয় মিছিল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

বিষ্ণুপুরে জেসিবি নিয়ে বিজয় মিছিল! বিজেপির পালটা আজই পথে তৃণমূল
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা: দলীয় নির্দেশ অমান্য করে জেসিবি নিয়ে বিজয় মিছিল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার বিষ্ণুপুর ও সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা বাইক মিছিল করেন। তাতেই একটি জেএসবি ছিল। কর্মীরা পতাকা নিয়ে সেটির উপর উঠে দাঁড়িয়েছিলেন। এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। বিজয় মিছিল এবং তাতে জেসিবি ব্যবহারে দলের তরফে বারণ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকেও জেসিবির উপর টানা হয়েছিল লাগাম। তারপরও কেন এমনটা করলেন কর্মীরা সেটাই বড়ো প্রশ্ন।

Advertisement

যদিও পুলিশের দাবি, মিছিলের অনুমতি ছিল। কিন্তু জেসিবি নিয়ে মিছিল নজরে আসামাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। জিসিবি মেশিন বের করে দেওয়া হয়।
রবিবার দুপুরে দুই বিধানসভা কেন্দ্রের কর্মী-সমর্থকরা বাইকে করে বিষ্ণুপুরের কোণচৌকি থেকে মিছিল শুরু করেন। পৈলান হয়ে নেপালগঞ্জ ঘুরে আমতলায় সেই কর্মসূচি শেষ হয়। সেই বাইক মিছিলের মধ্যেই হঠাৎ এই জেসিবি নিয়ে ঢুকে পড়েন কিছু অত্যুৎসাহী বিজেপি কর্মী। 
এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন বিষ্ণুপুরের জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল। তিনি বলেন, বিষ্ণুপুর শান্তিপ্রিয় জায়গা। এখানে মানুষ আমায় জিতিয়েছে। জেসিবি নিয়ে এটা কী ধরনের বিজয় মিছিল! আমিও এবার রাস্তায় নামব। আজ, সোমবার দৌলতপুরে মিছিল করবে তৃণমূল। 
এদিকে, জেসিবি নিয়ে মিছিল করায় কোনো বিতর্ক হয়নি বলে পালটা সাফাই দিল বিজেপি। তাদের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার নেতা সুফল ঘাটু বলেন, জেসিবি আত্মরক্ষার জন্য রাখা হয়েছিল। কোনো ধ্বংস বা বিনাশের জন্য নয়। তবে দলীয় নির্দেশ অমান্য করার বিষয়টি আমরা অবশ্যই দেখব। এই ব্যাপারে কর্মীদের আগামীদিনে আরো সতর্ক থাকতে বলা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ