পরেশের বিরুদ্ধে সরব আক্রান্তরা, মামলা তুলতে নির্যাতিতাকে চাপ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেপ্তারির পরই সামনে আসছে একের পর এক অভিযোগ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই বিগত দিনে তাঁদের উপর নানা আক্রমণ ও হামলার ঘটনা নিয়ে সরব হচ্ছেন। যেমন বিজেপির এক প্রাক্তন মণ্ডল সভাপতি দাবি করেছেন যে, তৃণমূল সরকারের আমলে তাঁকে বিধায়কের অনুগামীরা বেধড়ক মারধর করেছিলেন। ঘরছাড়া পর্যন্ত করা হয়েছিল। বিজেপি করার ‘অপরাধে’ অত্যাচার চলেছে অনেক নেতা, কর্মীর উপর।

Advertisement

এদিকে, পরেশবাবুর বিরুদ্ধে যে মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন, তিনি আবার মঙ্গলবার ক্যানিং থানায় নতুন একটি নালিশ জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, সেখানে তিনি জানিয়েছেন যে, পরেশবাবুর গ্রেপ্তারির পর তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার করার জন্য বড় অঙ্কের টাকার প্রলোভনও দেওয়া হয়েছে। এই নিয়ে তিনজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে থানায়। নির্যাতিতা মহিলা বলেন, বিধায়ক গ্রেপ্তার হওয়ার পর আমার বাড়িতে এসে চাপ দেওয়া শুরু হয়। ১২ লক্ষ টাকা অফার করা হয়েছে। আমি রাজি হইনি। এই নিয়ে থানায় জানিয়েছি। পুলিশের বক্তব্য, অভিযোগ পেয়েছি। সবটা খতিয়ে দেখা হচ্ছে।