সংবাদদাতা, ময়নাগুড়ি: গতকাল হারিয়ে গিয়েছিল মোবাইল ফোন। থানায় গিয়ে নিয়মমাফিক ডায়েরিও করে এসেছিলেন ময়নাগুড়ির মুদি ব্যবসায়ী প্রসেনজিৎ মজুমদার। কিন্তু আসল জিনিস তখনও বাকি তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। হঠাৎ করেই তাঁর দাদা বিশুকেতু মজুমদার লক্ষ্য করেন ভাইয়ের চুরি যাওয়া মোবাইলের হোয়াটাসঅ্যাপ অনলাইন রয়েছে। তখনই সন্দেহ হয় তাঁর। পরে ভাইয়ের সঙ্গে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে গিয়ে চক্ষু চড়কগাছ । তাঁরা দেখেন ধাপে ধাপে দশ হাজারের বেশি টাকা গায়েব হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ তাঁরা ওই ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে।
প্রসেনজিৎ জানান, বৃহস্পতিবার মুদি সামগ্রী নিয়ে গাড়িতে করে ক্রান্তি মোড় এলাকার অন্য একটি দোকানে মালপত্র পৌঁছে দিতে গিয়েছিলেন। তাড়াহুড়োয় গাড়িতেই মোবাইল ফোনটি রেখে নেমেছিলেন তিনি। কিন্তু মালপত্র নামিয়ে এসে দেখেন গাড়িতে আর ফোনটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও ফোন না পেয়ে বৃহস্পতিবারই ময়নাগুড়ি থানায় বিষয়টি জানান তিনি। এরপর ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পর তিনি সাইবার সহায়তা কেন্দ্রের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুলি থানা পুলিশ।



