নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দেড় বছরের ছেলে অসুস্থ। তার চিকিৎসার জন্য ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসেছিলেন এক ব্যক্তি। ছেলেকে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু এক যুবকের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হলেন বাবা। বিমা করিয়ে ছেলের চিকিৎসা বিনামূল্যে করানোর নাম করে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা হাতানো হয়েছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ঝাড়খণ্ডের ওই বাসিন্দা বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিতের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। ছেলেকে বাইপাসের হাসপাতালে ভর্তির করার পর অপরিচিত এক যুবক তাঁকে ফোন করেন। আশ্বাস দিয়ে বলেন, বিমা করালে তাঁর ছেলের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে। ওই কথা শুনে ওই ব্যক্তি রাজি হয়ে যান।
মঙ্গলবার তিনি যুবককে অনলাইনে ৭ হাজার টাকা পাঠান। পরে আরও ১৩ হাজার অর্থাৎ ২০ হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ওই অপরিচিত যুবক বাইপাসের হাসপাতালটিতে আসেন। ঝাড়খণ্ডের ব্যক্তির সঙ্গে দেখা করেন। বলেন আপনার বিমা হয়ে গিয়েছে। আমার সঙ্গে চলুন। তারপর তাঁকে বাগুইআটি থানার অন্তর্গত চিনারপার্কের একটি হোটেল নিয়ে যান।
বলেন, ২ লক্ষ টাকা ক্যাশ এখনই পাবেন। তারপর ফাঁক বুঝে পালিয়ে যান। অপেক্ষার পর যুবক না আসায় খোঁজাখুঁজির পর রাঁচির ব্যক্তি বুঝতে পারেন যুবকটি পালিয়েছেন। তারপর প্রতারিত ব্যক্তি বৃহস্পতিবারই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন।