লেকটাউনের বাসস্টপে তড়িঘড়ি ভুল সংশোধন মোছা হল ‘বর্ণপরিচয় বিভূতিভূষণের’
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অলকাভ নিয়োগী, বিধাননগর: বুধবার সকালে বর্তমান সংবাদপত্র খুলে পাঠকরা দেখেছিলেন, লেকটাউনে সরকারি বাসস্টপে বর্ণপরিচয়ের লেখক হিসাবে বিভূতিভূষণের নাম লেখা হয়েছিল। এই খবর প্রকাশ হওয়ার পর তড়িঘড়ি ভুল সংশোধন করল পূর্তদপ্তর। বর্ণপরিচয় থেকে মোছা হল বিভূতিভূষণের নাম। ভুল সংশোধনের পর স্বস্তি পেয়েছে নাগরিক মহলে। বিদ্যাসাগরের আত্মীয়রাও আশ্বস্ত হয়েছেন।

Advertisement

লেকটাউনে সরকারি বাসস্টপটি বিদ্যাসাগরের থিমে তৈরি করা হয়েছে। দূর থেকে দেখতে ঝাঁ চকচকে। কিন্তু কাছে গেলে কার্যত জ্ঞান হারানোর অবস্থা হচ্ছিল প্রত্যেকের। ঈশ্বরচন্দ্রের বড়ো আকারের ছবির পাশে লেখা হয়েছিল, ‘বর্ণপরিচয়, বিভুতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের’! বিভূতিভূষণের নামের বানানটি পর্যন্ত ভুল লেখা। বর্তমান কাগজে সে খবর প্রকাশিত হয়। তারপর ভুল সংশোধন হল চটজলদি। 
বিদ্যাসাগরের পরিবারের আত্মীয় অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভুল দ্রুত সংশোধন করে নেওয়ার জন্য প্রশাসনকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল আর না হয়, সে ব্যাপারে সংযত ও সতর্ক থাকার আবেদন করব।’
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম বাঙালির মনে খোদাই হয়ে রয়েছে। বর্ণপরিচয়ের এই অমর স্রষ্টাকে ঘিরে এ হেন ভুল আশ্চর্য করেছিল প্রত্যেককে। স্বাভাকিভাবেই বিতর্ক তৈরি হয়েছিল। লেকটাউন মোড় সংলগ্ন ভিআইপি রোডের ধারে রয়েছে লেকটাউন ফুটব্রিজ বাসস্টপ। রাজ্যের পূর্তদপ্তরের উদ্যোগে ভিআইপি রোডের ধারে ১৬টি স্টপ নতুন করে সংস্কার হচ্ছে। হচ্ছে থিম সম্বলিত বাসস্টপ। লেকটাউন ফুটব্রিজ বাসস্টপ বানানো হয়েছিল বিদ্যাসাগর থিমে। যেখানে যাত্রীদের বসার জায়গা আছে। তার ঠিক পিছনে রয়েছে বিদ্যাসাগরের বড়ো আকারের ছবি। এবং ঠিক তার পাশে বর্ণপরিচয়ের একটি রেপ্লিকা। আর সেখানেই অমার্জনীয় ভুল। লেখা হয়েছিল, ‘বর্ণপরিচয়’। ঠিক তার নীচে ‘বিভুতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের’! 
এখানেই শেষ নয়। এর নীচে ‘অ থেকে ঐ’ পর্যন্ত লেখা ছিল। সেখানেও ‘ঊ’, ‘ঋ’ এবং ‘ঐ’ বর্ণে ভুল। বুধবার বর্তমানে প্রকাশিত খবরটির শিরোনাম ছিল, ‘বর্ণপরিচয় বিভূতিভূষণের! বাসস্টপে বেনজির ভুল’। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খবর প্রকাশিত হওয়ার পরই পূর্তদপ্তরের পক্ষ থেকে বাসস্টপ দ্রুত সংশোধনের কাজ হয়। বর্ণপরিচয়ের নীচে যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল তা কেটে মুছে ফেলা হয়েছে। তারপর ওই জায়গায় একই রঙের স্টিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে ‘ঊ’, ‘ঋ’ এবং ‘ঐ’, যে বর্ণগুলি ভুল ছিল, সেইগুলিও সংশোধন করে দেওয়া হয়েছে। সেখানেও একইভাবে দেওয়া হয়েছে নতুন স্টিকার। তবে একেবারে নীচের দিকে ঈশ্বরচন্দ্রের নামের বানান আগেও ভুল ছিল। এখনও ভুল রয়ে গিয়েছে। ঈশ্বরচন্দ্রের বানানে ‘ঈ’ এর বদলে ‘ই’ লেখাটিই রয়ে গিয়েছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘ভুলের জন্য আমরা দুঃখিত। তবে দ্রুত সংশোধন করা হয়েছে।’