নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ ডিসেম্বর থেকে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু হবে বলে শুক্রবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের কারণে এই প্রক্রিয়া শুরু করা নিয়ে আইনি জটিলতা রয়েছে। সেই বাধা কাটাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়নমন্ত্রী গৌরীশংকর ঘোষ জানান, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীঘ্রই শীর্ষ আদালতে মামলা করা হবে। ফলে যাচাই প্রক্রিয়া চালাবার বাধা কেটে যাবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত, পূর্ববর্তী জমানায় জারি হওয়া সমস্ত জাতিগত ওবিসি শংসাপত্র যাচাই করার সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান বিজেপি সরকার। পরবর্তীতে রাজ্যের এই সংক্রান্ত বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে নবান্ন। মন্ত্রী বলেন, ‘হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীঘ্রই সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে। আশা করছি, শীর্ষ আদালত রাজ্যের পক্ষেই রায় দেবে।’



