Bartaman Logo
৯ জুন, ২০২৬

২৩ বছর পর রায়, এনসিপি নেতাকে খুনে দোষী ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

এনসিপি নেতা রামাবতার জগ্গি হত্যার ঘটনায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ছেলে অমিত যোগীকে দোষী সাব্যস্ত করল হাইকোর্ট।

২৩ বছর পর রায়, এনসিপি নেতাকে খুনে দোষী ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: এনসিপি নেতা রামাবতার জগ্গি হত্যার ঘটনায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ছেলে অমিত যোগীকে দোষী সাব্যস্ত করল হাইকোর্ট। ২৩ বছর আগের এই হত্যা মামলায় অমিতকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement

২০০৩ সালে রায়পুরে গুলি করে খুন করা হয় এনসিপি নেতা তথা ব্যবসায়ী রামাবতারকে। তৎকালীন এনসিপি রাজ্য সভাপতি ভি সি শুক্লার ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই মামলায় ২০০৭ সালে বেকসুর খালাস দেওয়া হয়েছিল অমিতকে। কিন্তু পরে সিবিআই সেই রায়কে চ্যালেঞ্জ জানায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের মামলাটি পুনর্বিবেচনা করে হাইকোর্ট। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট বলেছিল, সিবিআই মামলা করতে দেরি করলেও অভিযোগটি অত্যন্ত গুরুতর। কারণ এতে রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি জড়িত। বৃহস্পতিবার মামলার শুনানিতে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি অরবিন্দ কুমার বর্মার ডিভিশন বেঞ্চ আগের রায় বাতিল করে অমিত যোগীকে দোষী সাব্যস্ত করে। আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। অমিত এ প্রসঙ্গে মুখ খুলেছেন সংবাদমাধ্যমের কাছে। তিনি বলেন, ‘আমাকে বলার কোনো সুযোগ না দিয়েই সিবিআইয়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। আগে যে ব্যক্তি বেকসুর খালাস পেয়েছিল, তাকে বক্তব্য পেশের সুযোগ না দিয়েই দোষী বলা হচ্ছে। এমন ঘটনা আগে কখনো শুনিনি।’ সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিত। এদিকে, নিহত রামাবতারের ছেলে সতীশ জগ্গি বলেছেন, ‘২৩ বছরের লড়াই সফল হল।’

সম্পর্কিত সংবাদ