ভাঙা রাসের শোভাযাত্রায় খেলনা বিক্রি করে খুশি ভিন জেলার বিক্রেতারা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রানাঘাট:  শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব মানেই রঙের মেলা আলোর রোশনাই আর ঢাকের বাদ্যি। তবে এই উৎসবের আবহে নীরবে এক অন্য ছবি ধরা পড়ে জেলার নানা প্রান্ত থেকে আসা ভ্রাম্যমাণ খেলনা বিক্রেতা ও কারিগরিদের কর্মকাণ্ডে। ভাঙা রাসের শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এ বছরও শান্তিপুরের রাস্তায় ও মেলায় ভিড় জমিয়েছিলেন মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এবং পলাশী থেকে আসা খেলনা ব্যবসায়ী ও কারিগররা। শোভাযাত্রা শেষ হবার পর ভালো ব্যবসার তৃপ্তি ও মুখে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরলেন তারা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুরে প্রথম রাসের আগের দিন রাতেই বিভিন্ন এলাকা থেকে এই খেলনা কারিগর ও বিক্রেতারা শহরে এসে পৌঁছান। তাঁদের থাকার জায়গা হয় শান্তিপুর গোডাউন পাড়া এলাকায় জামাকাপড়ের হাটের চালায়। সেখানেই তিনদিন ধরে তারা বসবাস করেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্নান ও শৌচাগার মত প্রাথমিক সুযোগ সুবিধার ব্যবস্থাও ওই তিনদিন সেখানেই করা হয়। এলাকারই বেশ কয়েকজন স্থানীয় যুবকের আন্তরিক সহযোগিতায় ভিন জেলা থেকে আসা মানুষগুলোর থাকা ও অন্যান্য জরুরি ব্যবস্থার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান বিক্রেতারা।
এই বিক্রেতারা কেবল বাইরে থেকে তৈরি খেলনা কিনে এনে বিক্রি করেন না। কাঁচামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে এনে হাটের চালাতেই বসে খেলনা তৈরি করেন। দিনের বেলায় চলে খেলনা তৈরির ব্যস্ততা এবং সন্ধে নামতেই শুরু হয় তাদের আসল কর্মযজ্ঞ। সন্ধ্যা থেকে প্রায় সারা রাত ধরে শান্তিপুরের বিভিন্ন পুজো মণ্ডপ মেলা প্রাঙ্গণ এবং পথচলতি মানুষের ভিড়ে ঘুরে ঘুরে বাচ্চাদের জন্য নানা ধরনের আকর্ষণীয় ও নতুন ধরনের খেলনা বিক্রি করেন তাঁরা। যদিও সম্পূর্ণ রাস উৎসবজুড়ে কমবেশি বেচাকেনা চলে। তবে এই বিক্রেতাদের মূল লক্ষ্য থাকে ভাঙা রাসের শোভাযাত্রা। প্রতি বছরের মতো এ বছরও খেলনার পসরা সাজিয়ে বেরিয়ে পড়েছিলেন তাঁরা।  এঁদের মধ্যে কেউ ১৫ বছর আবার কেউ কুড়ি বছর ধরে নিয়মিত শান্তিপুরের রাসে খেলনা বিক্রি করেন। মুর্শিদাবাদের এক খেলনা বিক্রেতা প্রভাত দাস বলেন, প্রতিবছর একই সময়ে তাঁরা শান্তিপুরে আসেন এবং গোডাউন পাড়ার ওই একই পরিচিত জায়গায় এসে ওঠেন। 
ভাঙা রাসের শোভাযাত্রা মিটে যাওয়ার পর এবার ফেরার পালা। পলাশীর এক খেলনা বিক্রেতা জগদীশ শীল জানান, এ বছরও বেচাকেনা বেশ ভালোই হয়েছে। পরিশ্রমে যথাযথ মূল্য মেলায় এবং প্রতিবারের মতো সুষ্ঠুভাবে উৎসবের কাজ মিটে যাওয়ায় তারা সকলেই খুশি। ভাঙা রাসের শোভাযাত্রা শেষে হাসিমুখে বাড়ির পথ ধরলেন ভিনজেলার খেলনা কারিগররা।