নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চার মাস চালু হয়েছে প্রকল্প। ১০০ দিনের কাজের ‘মনরেগা’ বন্ধ করে মোদি সরকার গত ১ জুলাই থেকে শুরু করেছে ১২৫ দিনের ভিবি-জি রাম-জি। বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। এরই মধ্যে কাজ না পাওয়া সহ নানা বিষয়ে অভিযোগ জমা পড়ছে মন্ত্রকে। তাই বিষয়টিকে সামাল দিতে এবার অভিযোগ পেলেই ১৫ দিনের মধ্যে সমাধানের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রীতিমতো বিধি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, এবার থেকে কোনো অভিযোগ পেলে সাতদিনের মধ্যে তার তদন্ত করতে হবে। নিষ্পত্তি করতে হবে ১৫ দিনের মধ্যে।
রাজ্যে রাজ্যে অভিযোগ জমা করার ক্ষেত্রে খোলা হয়েছে অনলাইন ব্যবস্থা। এছাড়া আধিকারিকের কাছেও অভিযোগ জানানো যাবে। লিখিত অভিযোগ পাঠানো যাবে স্পিডপোস্টে। টেলিফোনেও অভিযোগ জানানো সম্ভব। মন্ত্রক জানিয়েছে, অভিযোগের নিষ্পত্তি সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেওয়া হবে। অভিযোগ নিবারণকারী আধিকারিকদের জন্যও বিধিতে বলা হয়েছে, রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলাস্তরে একটি নির্দিষ্ট সময়সীমাভিত্তিক অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তুলতে হবে। নিয়োগ করতে হবে নিষ্পত্তি আধিকারিক। জেলাস্তরে জেলা কর্মসূচি সমন্বয়কারী অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার তদারকি করবেন।
কোনো অভিযোগ জানানোর ক্ষেত্রে যদি সামান্য ভুল হয়, তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নির্দিষ্ট ফরম্যাট, ভাষা, জমা দেওয়ার পদ্ধতি অথবা কোনো প্রক্রিয়াগত ত্রুটির অজুহাতে কোনো অভিযোগ প্রত্যাখ্যান করা যাবে না। প্রক্রিয়াগত জটিলতার কারণে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানানোর সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।



