নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হয়েছে ‘ভিবি-জি রাম জি’ বা ‘১২৫ দিনের কাজ’ প্রকল্প। ‘ডবল ইঞ্জিন’ পশ্চিমবঙ্গেও যথারীতি তা শুরু হয়েছে। কিন্তু প্রথম তিন দিনে পাঁচ হাজার কর্মদিবসও তৈরি হয়নি এ রাজ্যে! কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলায় তিন দিনে মাত্র ৩ হাজার ৩৯৯ কর্মদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে। সেই তুলনায় অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো বড়ো রাজ্যগুলি প্রথম তিন দিনেই কর্মদিবস সৃষ্টির ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছে বলে খবর। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জুলাই মাসের প্রথম তিনদিনে অন্ধ্রপ্রদেশে ৯ লক্ষের বেশি, উত্তরপ্রদেশে ১ লক্ষ ৮৮ হাজার ৬৭৬, এবং গুজরাতে ২৯ হাজার ৭৭৪ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। রাজস্থানেও কয়েক লক্ষ কর্মদিবস তৈরি করা সম্ভব হয়েছে।
পশ্চিমবঙ্গে জবকার্ড হোল্ডারের সংখ্যা প্রায় আড়াই কোটি। তাঁদের হাতে কাজ দিতে সবরকম প্রস্তুতি সেরেই মাঠে নেমেছে রাজ্য প্রশাসন। তারপরও কেন আশানুরূপ কর্মদিবস সৃষ্টি সম্ভব হচ্ছে না? প্রশাসনিক মহল মনে করছে, রাজ্যের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু পালাবদলের পর থেকে এসব পঞ্চায়েতের অধিকাংশ ক্ষেত্রে প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের দেখাই মিলছে না। ফলে শুধু ‘১২৫ দিনের কাজ’ নয়, অন্যান্য প্রকল্পের অগ্রগতিও জোর ধাক্কা খাচ্ছে। বিডিও, এসডিও এবং জেলাশাসকদের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য। তবে এভাবে কতটা এগনো যাবে, সংশয় রয়েছে প্রশাসনের অন্দরেও। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের এই সমস্যার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলে ধরেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়ে এসেছেন, রাজ্যের মোট ৩ হাজার ৩৩৯ জন প্রধানের মধ্যে প্রায় দু’হাজার জনই কার্যত নিষ্ক্রিয়। ইস্তফা দিয়েছেন ১১৪ জন। তাছাড়া, গত ১২ বছরে পঞ্চায়েতে কোনো নিয়োগ হয়নি। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা প্রায় ১১ হাজার। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন তিনি।
শুক্রবার ভারত মণ্ডপমে আয়োজিত পঞ্চায়েতিরাজ মন্ত্রকের এক কর্মশালাতেও এই ইস্যুতে সরব হন দিলীপবাবু। জানা যাচ্ছে, তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে ইতিমধ্যে এ বিষয়ে পদক্ষেপ করেছেন কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী রাজীবরঞ্জন সিং (ললন সিং)। তাঁর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই বাংলায় আসতে চলেছেন মন্ত্রকের সচিবরা। প্রশাসনের অন্দরে খবর, ‘ভিবি জি রাম জি’ চালু হওয়ার আগে থেকেই এই সমস্যা কিছুটা আন্দাজ করা গিয়েছিল। কারণ, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৯ জুন এ রাজ্যে ‘১০০ দিনের কাজ’ বা ‘মনরেগা’ প্রকল্প ফের শুরু হয় বাংলায়। তখন ঠিক হয়েছিল, ১ জুলাই থেকে ‘মনরেগা’র বদলে নয়া প্রকল্প লাগু করে রাজ্যের জবকার্ড হোল্ডারদের ১২৫ দিনের কাজ সুনিশ্চিত করা হবে। কিন্তু, অধিকাংশ পঞ্চায়েতে ৯ জুন থেকে ১ জুলাইয়ের আগে পর্যন্ত ‘মনরেগা’র কাজই শুরু করা যায়নি।