সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-১ ব্লকের শিমুলিয়া রামকৃষ্ণ সেবক সঙ্ঘের বসন্ত উৎসব ঘিরে আনন্দে মেতে উঠবেন স্থানীয় বাসিন্দারা। আজ, শুক্রবার দোলের দিন স্থানীয় ভীমেশ্বরী শ্রীরামকৃষ্ণ শিশুশিক্ষা নিকেতন প্রাঙ্গণে জমজমাট এই উৎসবের আয়োজন করা হয়েছে। সঙ্গে নজর কাড়বে আকর্ষণীয় শোভাযাত্রা। প্রতিবছরই রামকৃষ্ণ সেবক সঙ্ঘের উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা ও অংশগ্রহণকারী সহ সংশ্লিষ্ট সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই।
শুক্রবার সকালে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা হবে। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খেজুরি রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজ স্বামী গঙ্গাত্মানন্দজি, শিশুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ও সম্পাদক ভবশঙ্কর ত্রিপাঠী, আলোক পণ্ডিত প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে ‘ফাগ খেলা’। নগর পরিক্রমা অর্থাৎ বর্ণাঢ্য ও সুসজ্জিত শোভাযাত্রা এলাকা পরিক্রমা করবে। তাতে শিশু শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সঙ্ঘের সদস্যরা থেকে শুরু করে বহু মানুষ শামিল হবেন। আয়োজকদের পক্ষে প্রতাপ প্রামাণিক, সুমন বায়েন, রূপালি মাইতি, শ্রাবণী দাস বলেন, শোভাযাত্রায় বসন্তের গানের সুরে সুরে নৃত্য-গীত-বাদ্য সহযোগে আবির খেলা চলবে। এই শোভাযাত্রা ভীমেশ্বরী শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গণ থেকে শুরু হবে। তারপর ভীমেশ্বরী বাজার হয়ে কিশোরপুর মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
উদ্যোক্তারা বলেন, এই উৎসবের আয়োজনের বিশেষ উদ্দেশ্য হল, এলাকায় সুস্থ সংস্কৃতি ও চেতনার প্রসার ঘটানো। কচিকাঁচা সহ বহু মানুষকে মনোমুগ্ধকর এই উৎসবের আঙিনায় শামিল করার মধ্য দিয়ে মিলনের জয়গান গাওয়া। সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটানো। এভাবেই সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলিতেও এগিয়ে যেতে চাই।