Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

র‌্যাঙ্কিংয়ে নজির গড়ে শীর্ষে বরুণ

কুড়ির ক্রিকেটে ক্রমশ রহস্যময় হয়ে উঠছেন মিস্ট্রি স্পিনার। গত কয়েকটি সিরিজের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বরুণ চক্রবর্তীর দুরন্ত ফর্ম অব্যাহত

র‌্যাঙ্কিংয়ে নজির গড়ে শীর্ষে বরুণ
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নয়াদিল্লি: কুড়ির ক্রিকেটে ক্রমশ রহস্যময় হয়ে উঠছেন মিস্ট্রি স্পিনার। গত কয়েকটি সিরিজের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বরুণ চক্রবর্তীর দুরন্ত ফর্ম অব্যাহত। সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়েও তার প্রতিফলন ঘটল। টি-২০ ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে বরুণ পেরিয়ে গেলেন আটশো রেটিং পয়েন্টের মাইলস্টোন। ধরে রাখলেন শীর্ষস্থান। পাশাপাশি ভেঙে দিলেন যশপ্রীত বুমরাহর পুরনো রেটিং রেকর্ডও।

Advertisement


প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম তিন ম্যাচেই বরুণের শিকার সংখ্যা ছয়। ইকোনমি রেট সাড়ে পাঁচেরও কম! সেই সুবাদে একলাফে অনেকটাই বাড়ল তাঁর রেটিং পয়েন্ট। আপাতত নামের পাশে ৮১৮ পয়েন্ট। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের জেকব ডাফি (৬৯৯ পয়েন্ট)। আর ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান। আর এই স্বপ্নের উত্থানের পথে বরুণ ভেঙে দিলেন বুমরাহর সর্বাধিক রেটিং পয়েন্টের রেকর্ড। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারিতে প্রকাশিত তালিকায় তারকা পেসারের রেটিং পয়েন্ট ছিল ৭৮৩। টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে এতদিন সেটাই ছিল সর্বাধিক। বুমবুমের আট বছরের রেকর্ড ভেঙে গড়লেন নজির। ক্রিকেট জীবনের সেরা রেটিং পয়েন্ট, সেই সঙ্গে এক নম্বর আসন আত্মবিশ্বাস আরও বাড়াবে কেকেআরের রহস্যময় স্পিনারের। লখনউয়ে বুধবার সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ বলেছেন, ‘দারুণ ছন্দে রয়েছি। দলের প্রয়োজন অনুসারে বল করতে পেরে আমি খুশি। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ। তারপর রয়েছে টি-২০ বিশ্বকাপ। এই সময়ের মধ্যে নিজেকে আরও ধারালো করে তোলাই আমার লক্ষ্য।’


বুধবার আইসিসি’র প্রকাশিত বোলারদের তালিকায় বরুণ ছাড়া আর কোনও ভারতীয় প্রথম দশে নেই। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে অক্ষর প্যাটেল। অর্শদীপ সিং আছেন ১৬ নম্বরে। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৯০৯। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ফিল সল্ট (৮৪৯) ও পাথুম নিশাঙ্কা (৭৭৯)। দু’ধাপ এগিয়ে এখন চার নম্বরে তিলক ভার্মা (৭৭৪)। নবম থেকে দশম স্থানে নেমে গিয়েছেন সূর্যকুমার যাদব।

Advertisement
সম্পর্কিত সংবাদ