সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: অভিজ্ঞ কোহলির সঙ্গে মিষ্ট্রি স্পিনারের দ্বৈরথের জন্য তৈরি ক্রিকেটের নন্দনকানন। শুক্রবার চূড়ান্ত মহড়াতেও তার ঝলক। ‘এল’ ব্লকের গ্যালারিতে বিরাটের ব্যাটিং দেখতে উপচে পড়ছিল ভিড়। কিং কোহলির প্রতিটি শটে অধরা মাধুরী স্পর্শের আকাঙ্ক্ষা। সঙ্গতে বিরাট-অনুরাগীদের গর্জন। তবে নাইট-নেটে বরুণ বল হাতে নামতেই পাল্টা হুঙ্কার, ‘করব, লড়ব, জিতব রে’। রহস্যের ঘনঘটায় মোড়া স্পিনারও এই লড়াইয়ের জন্য মুখিয়ে। এদিন সাংবাদিক সম্মেলনে বরুণের মন্তব্য, ‘বিরাট ভাইয়ের ক্লাস নিয়ে তো সংশয়ের অবকাশ নেই। আর আমার বিরুদ্ধে ভালোই খেলে। তবে এবার ওকে আউট করতেই হবে।’
গত মরশুমে ইডেনে কেকেআরের বিরুদ্ধে বড় রান পাননি বিরাট। প্রথম লেগে চিন্নাস্বামীতে অবশ্য জ্বলে উঠেছিল মহাতারকার ব্যাট। অপরাজিত ৮৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। সেই ম্যাচে বরুণ মাত্র দু’ওভার হাত ঘোরান। তবে চলতি মরশুমে তিনি আরও ক্ষুরধার। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপক্ষ ব্যাটারদের তুর্কি নাচন নাচিয়ে ছেড়েছেন। সেই ছন্দ আইপিএলেও নিশ্চয় ধরে রাখতে চাইবেন বরুণ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, আইপিএলে একেবারে আলাদা টুর্নামেন্ট। এর সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি মেলালে ভুল হবে। তাই শনিবার শূন্য থেকে শুরু করতে চাই।’ তবুও বরুণ মিস্ট্রি স্পিনার বলে কথা! একটু থেমে তাঁর জবাব, ‘মিস্ট্রি স্পিনার আসলে কী? ডেলিভারি হয় বাইরে যাবে, ভিতরে ঢুকবে কিংবা সোজা হবে! তিনটিই অস্ত্র। সেগুলো আমি কোন সিকোয়েন্সে সাজাব, সেটাই আসল। তাছাড়া নতুন অধিনায়ক আমায় কীভাবে ব্যবহার করে সেটাও দেখতে হবে।’ তবে ঝুলিতে যে নতুন অস্ত্র লুকনো রয়েছে, তা জানাতেও ভুললেন না তারকা স্পিনার। তিনি বলেন, ‘যখনই ঘরোয়া ক্রিকেট খেলি, নতুন কিছু রহস্য ডেলিভারি আয়ত্ত করতে চেষ্টা করি। এবারও অন্যথা হয়নি। তবে সেই অস্ত্রগুলি স্থান-কাল-পাত্র বিশেষে ব্যবহার করব।’ পাশাপাশি, বরুণ তাঁর পার্টনার সুনীল নারিনকেও প্রশংসায় ভরিয়েছেন। ‘নারিনের বোলিং দেখে শেখার চেষ্টা করি। ওর সঙ্গে জুটিতে বিপক্ষকে সমস্যায় ফেলাই লক্ষ্য।’
আরসিবি শিবিরেরও যত চিন্তা এই বরুণ-সুনীলকে ঘিরে। এদিন সাংবাদিক সম্মেলেন বিরাট কোহলিদের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছে। নারিনও অসাধারণ বোলার। তাই এই দু’জনের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।’ তবে কেকেআরকে চ্যালেঞ্জ ছুড়তে পিছপা হননি জিম্বাবোয়ের প্রাক্তন তারকা। তাঁর কথায়, ‘কেকেআরের জন্য খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। এবার আমাদের স্কোয়াড আরও শক্তিশালী। বিরাট, রজতদের সঙ্গে সল্ট, লিভিংস্টোন, ডেভিডরা জুড়েছে। হ্যাজেলউড, ভুবনেশ্বর, ক্রুণালদের উপস্থিতিতে বোলিং বিভাগও বেশ অভিজ্ঞ।’