নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাইটদের এখন ভরা সংসার। অপেক্ষা ছিল বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানার। তাঁরাও শিবিরে যোগ দিয়েছেন সোমবার রাতে। আসলে দুই ক্রিকেটারই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় স্কোয়াডে ছিলেন। হর্ষিত সেভাবে সুযোগ না পেলেও দুবাইয়ের পিচে বরুণের ঘূর্ণিতে নাকানিচোবানি খেয়েছিলেন বিপক্ষ দলের ব্যাটসম্যানরা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নেন স্পিনের ভেল্কিতে। তাঁর দুরন্ত ফর্ম কেকেআর টিম ম্যানেজমেন্টকে যথেষ্ট স্বস্তিতে রেখেছে। কারণ, ইডেনের পিচে শুরুতে বল ঠিকমতো ব্যাটে এলেও পরের দিকে মন্থর হবে। সেক্ষেত্রে বরুণের মতো মিস্ট্রি বোলার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। দেশের অন্য প্রান্তেও গরম বাড়ছে। উইকেটে ফাটল তৈরি হবে। সেই সুযোগ কাজে লাগানোর ব্যাপারে সিদ্ধহস্ত বরুণ। গত আইপিএলে কেকেআরের খেতাব জয়ের পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। ১৫ ম্যাচে নিয়েছিলেন ২১ উইকেট। চাপের মুখে দলকে ব্রেক-থ্রু দেওয়ার ব্যাপারে বরুণের জুড়ি মেলা ভার। আসলে তাঁর স্পিনের রহস্য এখনও হাতড়ে বেড়াচ্ছে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। তাঁকে নিয়ে নতুন টিজার ছেড়েছে কেকেআর। সেখানে রীতিমতো বরুণকে হুঙ্কার দিতে শোনা যাচ্ছে, ‘মুশকিল হি নেহি, না-মুমকিন হ্যায়...।’
গত কয়েকদিন প্রস্তুতি ম্যাচের উপর জোর দিয়েছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। আসলে ২২ মার্চ ইডেনে উদ্বোধনী ম্যাচে কেকেআর খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তার আগে সঠিক কম্বিনেশন গড়ে তোলার উপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনের ফাঁকে কোচ ও ক্যাপ্টেনের ঘনঘন আলোচনা যেন তারই ইঙ্গিত দিচ্ছে। তবে মঙ্গলবার নাইটদের অনুশীলনে বাড়তি নজর ছিল বরুণের উপর। মূল পিচের পাশের নেটে হাত ঘোরাতে দেখা যায় তাঁকে। বেশ ছন্দেই ধরা দিলেন। হর্ষিত রানাও হাত ঘোরালেন নেটে। আরসিবি’র টপ অর্ডার ব্যাটিং এবার বেশ শক্তিশালী। বিরাট কোহলিদের থামাতে কেকেআরের মূল শক্তি দুই স্পিনার। একদিকে বরুণ চক্রবর্তী, উল্টোদিকে সুনীল নারিন—সাঁড়াশি আক্রমণেই বিপক্ষকে চাপে ফেলতে চাইবে নাইটরা।
তবে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়েছে বৃষ্টির চোখরাঙানি। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার ভিজতে পারে ইডেন। সেক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচে বিঘ্ন ঘটতে পারে। ইডেন অবশ্য প্রস্তুতিতে ফাঁক রাখছে না। শোনা যাচ্ছে, ৩৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে দেখা যাবে ‘ভাইজান’ সলমন খানকেও। মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, অনন্যা পাণ্ডের মতো বলিউডি তারকারাও রয়েছেন অতিথি তালিকায়। গান গাওয়ার কথা শ্রেয়া ঘোষালের। অর্থাৎ, ইডেনকে চাঁদের হাটই মনে হবে। আমেরিকার পপ ব্যান্ড ‘ওয়ানরিপাবলিক’কে দেখা যেতে পারে অনুষ্ঠান মাতিয়ে তুলতে। পাশাপাশি, থাকছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা। কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছেন, ‘কোনও ঝুঁকি নিচ্ছি না। পুরো মাঠ ঢাকা থাকবে। চারটি সুপার সপার থাকছে আউটফিল্ড শুকনো করার জন্য।’ এদিকে, ৬ এপ্রিল ইডেনে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে নাইটদের ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রামনবমীর জন্য সেদিন ম্যাচে আপত্তি জানিয়েছে পুলিশ। এই ব্যাপারে বিসিসিআইকে জানিয়েছে সিএবি।