বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা শিবিরের জন্য মডেল, বাঁশ আর কাগজ কেটে তৈরি  হচ্ছে নানা ধরনের পশু‑পাখি
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বসু, কলকাতা: উত্তর কলকাতার ডোমপাড়াজুড়ে বাঁশ, কাগজ সহ অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে নানা ধরণের পশু‑পাখি। সেই তালিকায় রয়েছে উট, হাতি, হরিণ, ঘোড়া, বানর প্রভৃতি। শিল্পীদের বক্তব্য, ‘ডিসেম্বর, জানুয়ারি মাসে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাতে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা 

Advertisement

শিবির ও মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর সেই কারণে এই সময় এই ধরণের পশু‑পাখির মডেল বিক্রি হয়ে থাকে। এখন দু’পয়সা রোজগারের আশায় এই সমস্ত মডেল তৈরির কাজ শুরু হয়েছে।’ 
ডোমপাড়া ঘুরে দেখা যায়, সেখানে বিভিন্ন শিল্পীর ঘরে জোরকদমে চলছে পশু‑পাখি তৈরির কাজ। কোথাও চলছে বাঁশ কাটার কাজ। কোথাও চলছে বাঁশের উপর তৈরি পশু‑পাখির উপর কাগজ সাঁটার কাজ। কোথাও সেই কাগজের উপর চড়া রঙের প্রলেপ। মঙ্গলবার দুপুরে কথা হচ্ছিল কয়েকজন শিল্পীর সঙ্গে। তাঁরা বলেন, ‘দুর্গা থেকে জগদ্ধাত্রী, সমস্ত পুজোই মিটে গিয়েছে। তাই এখন বড়ো কোনো বায়না নেই। তাই এখন এই ধরনের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তাঁদের কথায়, ‘হাত গুটিয়ে থাকলে তো আর পেট চলবে না। আমাদের সংসার, পরিবার‑পরিজন আছে। সবাইকে নিয়ে বাঁচতে যখন যে ধরনের কাজ করলে হাতে দু’টো টাকা আসবে তা নিয়ে সর্বদা চিন্তা করতে হয়।’ শিল্পীদের বক্তব্য, ‘এবার পুজোর মরশুমে ভালো বাজার পাওয়া গিয়েছে। বাঁশের সুসজ্জিত গেট, মণ্ডপের যে আজও চাহিদা রয়েছে, এই বিক্রিই তার প্রমাণ। আমাদের আনন্দ ডোমপাড়ার শিল্পীদের হাতে তৈরির কাজ এখন বাংলা ছাড়িয়ে ভিন প্রদেশেও পাড়ি দিচ্ছে।’
এদিন ডোমপাড়ার রমেশ দত্ত স্ট্রিটে গিয়ে দেখা যায়, সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন মানুষ বাঁশ শিল্পীদের হাতে তৈরি পশু প্রাণীর কাজ দেখতে এসেছেন। কথা হচ্ছিল পূর্ব যাদবপুরের বাসিন্দা অজয় চক্রবর্তীর সঙ্গে। তিনি দুই বন্ধুকে নিয়ে এসেছিলেন ডোমপাড়ায়। তাঁর বক্তব্য, ‘মাঝেমধ্যে কুমোরটুলিতে যেমন আসি, তেমনই সময় সুযোগ পেলে শিল্পীদের কাজও দেখতে চলে আসি এখানে। বড়ো ভালো লাগে। বাঁশ কেটে এমন নানা ধরনের শিল্প যেভাবে গড়ে তোলেন এই শিল্পীরা তাতে সত্যিই তাঁদের কুর্নিস জানাতেই হয়।’ দমদম রোডের বাসিন্দা সুজিত দাশগুপ্ত নামে এক যুবক বলেন, ‘বড়ো ভালো লাগে এখানে এলে। নানাসময় বিভিন্ন বাঁশের শিল্পকর্ম এখান থেকে কিনে নিয়ে গেছি। বাঁশের তৈরি নানা শিল্পকর্ম নানাজনকে উপহারও দিয়েছি।’ সবমিলিয়ে শহরের এই বাঁশ এখন হয়ে উঠেছে শহরের দর্শনীয় স্থান।