Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর আগে নবদ্বীপকে সাজিয়ে তুলতে নানা উন্নয়নমূলক পরিকল্পনা

পুজোর আগে নবদ্বীপকে সাজিয়ে তুলতে নানা উন্নয়নমূলক পরিকল্পনা
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: পুজোর আগে বৈষ্ণবতীর্থ নবদ্বীপকে সাজিয়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নিল পুরসভা। রাস্তা-ঘাটের উন্নয়ন থেকে শুরু করে নিকাশি পরিকাঠামোর সংস্কার, বিভিন্ন ওয়ার্ডের ভিতরের কংক্রিটের রাস্তা গড়ে তোলা সহ একাধিক কর্মকাণ্ডের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবমিলিয়ে খরচ ধরা হয়েছে প্রায় ছ’কোটি টাকা। ইতিমধ্যেই রাজ্যের কাছে এই টাকা পেতে দরবার করেছে পুর কর্তৃপক্ষ। সেইসঙ্গে পাঠানো হয়েছে পূর্ণাঙ্গ প্রজেক্ট রিপোর্ট। অনুমোদন এলেই দ্রুত কাজ শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। পুরসভার এই উদ্যোগে খুশি নবদ্বীপবাসী থেকে শুরু করে মঠ ও মিশনের পরিচালন কর্তারা।

Advertisement

শ্রীচৈতন্যের জন্মভূমি ও লীলাক্ষেত্র নবদ্বীপে রয়েছে অগণিত মঠ ও মন্দির। সম্প্রতি মিলেছে হেরিটেজ তকমাও। বছরের বিভিন্ন সময়ে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক নবদ্বীপ ধামে আসেন। তাঁদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই পুরসভার এই উন্নয়ন-কর্মকাণ্ড।
নবদ্বীপ পুরসভায় মোট ২৪টি ওয়ার্ড রয়েছে। অধিকাংশ ওয়ার্ডের পিচ রাস্তা, কংক্রিটের ঢালাই রাস্তা এবং নিকাশি নালা বেহাল হয়ে গিয়েছে। সেগুলিই এবার মেরামতির কাজে হাত দেওয়া হবে। পুরএলাকার সাতটি পিচ রাস্তা, ২২টি কংক্রিটের ঢালাই রাস্তা এবং ১০টি নিকাশি নর্দমা এই মুহূর্তে খুবই খারাপ অবস্থায় রয়েছে। সামনের দুর্গাপুজোর আগেই কাজ শেষ করার কথা ভাবছে পুরসভা। সমগ্র পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিভিন্ন ওয়ার্ডের মানুষের অনেকটাই ভোগান্তি কমবে বলে মনে করছে পুরকর্তৃপক্ষ।
উল্লেখ্য, দীর্ঘদিনের দাবি মেনে রাজ্যের পরিবহণদপ্তর রাস্তার কাজের জন্য দু’টি ধাপে প্রায় ৪৮ লক্ষ টাকা অনুমোদন দিয়েছে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একটি রাস্তা নবদ্বীপ বাসস্ট্যান্ডে ঢোকার মুখ থেকে নন্দীপাড়া হয়ে চারিচারা বাজার পর্যন্ত গিয়েছে। অন্য রাস্তাটি চারিচারা বাজারের চৌমাথা থেকে অন্নপূর্ণাতলা হয়ে মিলন সঙ্ঘ মাঠের সামনে দিয়ে বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। এই দু’টি রাস্তা পাকা হয়ে গেলে দুর্ঘটনা অনেক কমে যাবে বলে স্থানীয়দের আশা।
চরিচারা বাজার রোডের বাসিন্দা গৃহবধূ শম্পা রায় বলেন, বৃষ্টি হলেই এই রাস্তায় জল জমে যেত। অনেক জায়গায় ভেঙে গিয়েছিল। গত বছর রাস্তাটি সারানো হয়েছিল। এখন নতুনভাবে তৈরি করা হচ্ছে দেখে আমরা খুশি। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় আছি। তা এসে গেলেই আরও কাজ শুরু হয়ে যাবে। ২৪টি ওয়ার্ডের মধ্যে যেখানে সবচেয়ে খারাপ অবস্থা, সেখানে আগে কাজ করা হবে। এরপর বাকি ওয়ার্ডগুলিতে যথারীতি কাজ হবে।  নবদ্বীপ চরিচারা বাজারের রাস্তা তৈরি হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ