বিহারগামী যাত্রীদের জন্য হাওড়া-শিয়ালদহে  নানা আয়োজন, দেওয়া হচ্ছে ইনস্ট্যান্ট টিকিট!
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: ছটপুজো উপলক্ষ্যে কলকাতা শহরের বড়ো স্টেশনগুলিতে তৎপরতা তুঙ্গে। হাওড়া, শিয়ালদহ স্টেশনে বিহারগামী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রোদ থেকে বাঁচার জন্য ছাউনি রয়েছে। মাথার উপর পাখা ঘুরছে। ইনস্ট্যান্ট টিকিটেরও ব্যবস্থা রাখা হয়েছে। আরপিএফ, রেল কর্মীদের তত্ত্বাবধানে বিন্দুমাত্র সমস্যা হচ্ছে না যাত্রীদের।

Advertisement

বাড়ি ফেরার তাড়ায় উপচে পড়ছে হাওড়া স্টেশন। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে বৃহস্পতিবার থেকেই হাজার হাজার যাত্রীর ভিড় সেখানে। এই পরিস্থিতিতে ভিড় সামলানোর পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যে একাধিক বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ক্যাব রোড এলাকায় কার্পেট বিছিয়ে তৈরি করা হয়েছে বিশেষ বিশ্রামস্থল। সেখানে অপেক্ষারত যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে। রেলকর্মীরা বিতরণ করছেন শুকনো খাবার, চকলেট ও পানীয় জল। প্ল্যাটফর্মে যাত্রীদের সুশৃঙ্খলভাবে বসানো এবং চলাচল নিয়ন্ত্রণেও নজরদারি চলছে। বিশেষ ট্রেনের দিন ও গন্তব্যভিত্তিক তালিকা দেখানো হচ্ছে ভিডিয়ো ওয়ালে। পাশাপাশি মাইকে ঘোষণা এবং হেল্প ডেস্কের ব্যবস্থাও রয়েছে। আরপিএফ ও অন্যান্য রেলকর্মীদের পাশাপাশি সিসিটিভিতে চলছে ২৪ ঘণ্টা নজরদারি। বৃহস্পতিবার স্টেশনে ভিড় ও বিশেষ ট্রেন পরিচালনা সরেজমিনে খতিয়ে দেখেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। নিরাপদ যাত্রায় রেলের নির্দেশিকা মানার আবেদন জানিয়েছেন ডিআরএম বিশাল কাপুর। 
প্রায় একই চিত্র শিয়ালদহ স্টেশনেও। পার্কিয়ের এলাকায় ছাউনি তৈরি হয়েছে। সেখানে রেলকর্তারা সারাক্ষণ উপস্থিত। ট্রেনের জন্য যাত্রী এলেই তাঁদের আলাদা করে টিকিট কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না। হাতে ট্যাব নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেল কর্মীরা। লাইনে দাঁড়িয়ে টাকা দিলেই বিশেষ যন্ত্র থেকে টিকিট কেটে দেওয়া হচ্ছে। আরপিএফ যাত্রীদের হাতে টোকেন দিয়ে দিচ্ছেন। সেই টোকেন নিয়ে নির্বিঘ্নে স্পেশাল ট্রেনের জেনারেল কামরাতে ওঠা যাচ্ছে। বর্তমানে ভবানীপুরের বাসিন্দা বিজয় প্রসাদ যাবেন সমস্তিপুরে। শিয়ালদহের লাইনে দাঁড়িয়ে বলছিলেন, ‘বছরে এই একবার বাড়ি যাই। ভবানীপুরে সবজি বিক্রি করি। কলকাতায় প্রায় ১৫ বছর আছি। এবারের ব্যবস্থা খুবই ভালো। কোনো অসুবিধা হচ্ছে না।’ এক আরপিএফ কর্মীর কথায়, ‘আসলে বিহারের ট্রেন ১১ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। ওই প্ল্যাটফর্মটা খুবই ছোটো। একসঙ্গে অনেক লোক ঢুকে গেলে বিপদ হতে পারে। তাই এখান থেকে লাইন করে প্ল্যাটফর্মের উদ্দেশে পাঠানো হচ্ছে।’