Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রোগী মৃত্যু ঘিরে ভাঙচুর, নার্সিংহোমে তালা ঝোলালেন মৃত ব্যক্তির আত্মীয়রা

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর হল। ওই নার্সিংহোম তালা দিয়ে বন্ধ করে দিয়েছে এলাকার মানুষ

রোগী মৃত্যু ঘিরে ভাঙচুর, নার্সিংহোমে তালা ঝোলালেন মৃত ব্যক্তির আত্মীয়রা
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর হল। ওই নার্সিংহোম তালা দিয়ে বন্ধ করে দিয়েছে এলাকার মানুষ। মিনাখাঁ থানার কালীতলা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দিলীপ মণ্ডল নামে অসুস্থ এক ব্যক্তিকে তাঁর পরিবারের সদস্যরা ওই নার্সিংহোমে নিয়ে যান। অভিযোগ, সেখানে তখন কোনও ডাক্তার ছিলেন না। তবুও রোগীকে ভর্তি করে নেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপর অনেকক্ষণ ধরে নার্সিংহোমের অন্য কর্মীরা তাঁর চিকিৎসা চালান। কিন্তু বেশ কিছুক্ষণ পর ওই রোগীর অবস্থার অবনতি হয়। তখন নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলে। কিন্তু তাঁকে গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। মিনাখাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। তাঁরা ওই রোগীকে আবার ওই নার্সিংহোমে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেখানে ভাঙচুর চালান। এরপর খবর পেয়ে মিনাখাঁ থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে চলে আসে। পুলিসের সামনেই গ্রামের বাসিন্দারা ওই নার্সিংহোমে তালা দিয়ে দেন। মৃতদেহটির ময়নাতদন্ত করা হবে বলে পুলিস জানিয়েছে। এই বিষয়ে নার্সিংহোম কর্তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁদের ফোন সুইচড অফ ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ