Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ ভারতে ভান্স, মোদির সঙ্গে বৈঠকে কি উঠবে শুল্কনীতি!

ইতালি সফর শেষে আজ, সোমবার সকালে ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

আজ ভারতে ভান্স, মোদির সঙ্গে বৈঠকে কি উঠবে শুল্কনীতি!
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইতালি সফর শেষে আজ, সোমবার সকালে ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আমেরিকার শুল্কযুদ্ধের আবহে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে আলোচনা হবে মোদি ও ভান্সের মধ্যে। তারপর মার্কিন ভাইস প্রেসিডেন্টের জন্য নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। 

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা নাগাদ ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা ভান্স ও তিন সন্তান ইওয়ান, বিবেক ও মিরাবেলকে নিয়ে দিল্লির বিমানবন্দরে অবতরণ করবেন ভান্স। প্রথমবার ভারত সফরে আসছেন তিনি। তাঁকে স্বাগত জানাবেন কোনও একজন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর সপরিবারে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। একটি শপিং মলেও যেতে পারেন তাঁরা। সেখানে হস্তশিল্পের নানা সামগ্রী ঘুরে দেখতে পারেন ভান্স। তারপর সন্ধ্যা সাড়ে ছ’টা  নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করবেন তিনি। মোদি ও ভান্সের বৈঠকে বাণিজ্যচুক্তির প্রসঙ্গ উঠবে বলে খবর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি নিয়েও আলোচনা করতে পারেন তাঁরা। ভান্সের জন্য একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আসছেন পাঁচজন শীর্ষ আধিকারিক। তাঁদের মধ্যে কেউ পেন্টাগনের সঙ্গে যুক্ত, আবার কেউ আমেরিকার বিদেশমন্ত্রকের সঙ্গে যুক্ত। অন্যদিকে, ভারতের তরফে থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্রি ও আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। রাত ১০টা নাগাদ জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা। থাকবেন রামবাগ প্যালেসে। ২২ তারিখ ঘুরে দেখবেন জয়পুরের একাধিক ঐতিহাসিক স্থান। মঙ্গলবার বিকেলে জয়পুরের রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভান্সের। পরের দিন অর্থাৎ বুধবার সকালে আগ্রায় যাবে ভান্স দম্পতি। তাজমহল সহ একাধিক জায়গা ঘুরে দেখবেন তাঁরা। সেদিন বিকেলেই জয়পুরে ফিরবেন। ২৪ তারিখ, বৃহস্পতিবার সপরিবারে আমেরিকার উদ্দেশে রওনা দেবেন তিনি।  -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ