Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার কোনায় পথচারীর এক চড়েই প্রাণ গেল ভ্যানচালকের

এক চড়েই প্রাণ গেল ভ্যানচালকের। বৃহস্পতিবার সকালে হাওড়ার বেনারস রোডে আলুর বস্তা বোঝাই ভ্যান নিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারেন।

হাওড়ার কোনায় পথচারীর এক চড়েই প্রাণ গেল ভ্যানচালকের
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এক চড়েই প্রাণ গেল ভ্যানচালকের। বৃহস্পতিবার সকালে হাওড়ার বেনারস রোডে আলুর বস্তা বোঝাই ভ্যান নিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারেন। তা থেকেই বচসার সূত্রপাত। সেই সময় ওই পথচারী আচমকা চড় কষিয়ে দেন ভ্যানচালককে। তার জেরেই পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রাই তাঁকে তড়িঘড়ি কোনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে বেনারস রোডের কোনা স্কুল মোড়ে। মৃতের নাম অলোক নস্কর (৫০)। তাঁর বাড়ি কোনা এলাকাতেই। অভিযুক্ত পথচারী অসীম দাসকে এদিন সন্ধ্যা পর্যন্ত থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিস।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আলুর বস্তা বোঝাই ভ্যান নিয়ে বেনারস রোড দিয়ে আসছিলেন অলোক নস্কর। কোনা স্কুল মোড়ের কাছে রাস্তার একটি অংশ ঢালু থাকায় ভ্যানটি দ্রুতগতিতে গড়িয়ে যায়। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন কোনা বাগপাড়ার বাসিন্দা অসীম দাস। ভ্যানটি সজোরে এসে ধাক্কা মারে তাঁকে। ভ্যানের ধাক্কায় পড়ে যান তিনি। এরপর ভ্যানচালকের সঙ্গে তর্ক জুড়ে দেন অসীমবাবু। স্থানীয় লোকজন দু’জনকেই শান্ত করার চেষ্টা করেন। সেই সময় হঠাৎ মেজাজ হারিয়ে ভ্যানচালককে সজোরে চড় মারেন অসীম। চড়ের অভিঘাতে ছিটকে পড়েন অলোক নস্কর। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় কোনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তকে আটকে রেখে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পরে লিলুয়া থানার পুলিস এসে জনরোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘বচসা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আচমকা ওই ভ্যানচালককে চড় মারা উচিত হয়নি। এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, কেউই বুঝতে পারিনি’। হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। মাথায় আঘাত লেগেই ওই ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনাটি খতিয়ে 
দেখা হচ্ছে’।

Advertisement
সম্পর্কিত সংবাদ