সংবাদদাতা, চন্দননগর: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পাসে বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়। বলা হয়েছে, প্রতি রাত ন’টা পর্যন্ত মেয়াদ থাকবে এই পাসের। অর্থাৎ রাত ন’টার পর আর এই পাস কাজ করবে না। এই নতুন নিয়ম নিয়েই শুরু হয়েছে জল্পনা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় প্রতি বছরের মত এই বছরও স্থানীয় নাগরিক ও সংবাদমাধ্যমের কর্মীদের যানবাহন নিয়ে যাওয়ার জন্য ‘এন্ট্রি-পাস’ দিয়েছে চন্দননগর কমিশনারেট। তবে এই বছর থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাত ন’টায় এই ‘এন্ট্রি পাস’-এর মেয়াদ শেষ হবে চন্দননগরে।
১৪-২০ নভেম্বর পর্যন্ত এই পাসের বৈধতা এমন করা হয়েছে। সংবাদমাধ্যম থেকে স্থানীয় বাসিন্দা, সকলের ক্ষেত্রে একই নিয়ম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাত ন’টার পরে কোনও গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহে কীভাবে পৌঁছবেন সংবাদমাধ্যমের কর্মীরা! স্থানীয় বাসিন্দারাও জানান, গুরুত্বপূর্ণ কাজ বা অফিস থেকে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হবে আমাদের। কারণ ন’টার মধ্যে ঢোকার সময় নির্দিষ্ট করা!
তবে এই সমস্যার কোনো সমাধান মেলেনি প্রশাসনিক অফিসারদের কাছ থেকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দর্শনার্থীদের সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে এই সিদ্ধান্তটি।



