ভাইফোঁটা: কোচবিহারে বাজার মাতাচ্ছে অমৃতভরা কলস, টার্কিস বাকলাভা মিষ্টি
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপন দত্ত, কোচবিহার: নলেন গুড়, ক্ষীরের তৈরি ভাইফোঁটা লেখা মিষ্টির চাহিদা তুঙ্গে। খেজুরের গুড় ভরা অমৃত কলসও বেশ জনপ্রিয়। নজর কেড়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সন্দেশ। ভ্রাতৃদ্বিতীয়ার বাজারে পাওয়া যাচ্ছে টার্কিস বাকলাভা মিষ্টিও। 

Advertisement

বাঙালির বারো মাসে তেরো পার্বণে ভ্রাতৃদ্বিতীয়া একটি। ভাইয়ের মঙ্গল কামনায় কপালে ফোঁটা দেওয়ার সঙ্গে মিষ্টিমুখ করানোটাই রীতি। একইভাবে দিদি বা বোনেদের কাছ থেকে ফোঁটা নিয়ে তাঁদেরকেও ভাইয়েরা মিষ্টিমুখ করিয়ে থাকেন। কাজেই মিষ্টি ছাড়া ভাইফোঁটার অনুষ্ঠান অসম্পূর্ণ। 
কোচবিহার শহরের এইচএন রোডের একটি মিষ্টান্ন ভাণ্ডার ভাইফোঁটা উপলক্ষ্যে নিয়ে এসেছে অভিনব মিষ্টি। ঝাঁ চকচকে শোকেসে সাজানো রয়েছে ভাইফোঁটা লেখা সন্দেশ। একটি নলেন গুড়ের, অন্যটি ক্ষীরের। দু’টি সন্দেশেরই দাম রাখা হয়েছে ২০ টাকা পিস। 
চাহিদা রয়েছে অমৃত কলসের। ক্ষীর দিয়ে তৈরি অমৃত কলস। যার আবার ঢাকনা আছে। এই মিষ্টি ভাঙা মাত্রই ভিতর থেকে বেরিয়ে আসবে খেজুরের গুড়। মুখে দেওয়া মাত্রই গলে যাবে তা। ক্ষীর এবং খেজুর গুড়ের অমৃত স্বাদ এনে দেয় এক উদ্ভুত অনুভূতি। প্রতি পিস এই অমৃত কলসের দাম ২৫ টাকা। 
ভাইফোঁটার বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সন্দেশ। ক্ষীর দিয়ে তৈরি এই সন্দেশের আছে ওই দুই সোশ্যাল মিডিয়ার লোগো। ফেসবুক সন্দেশের দাম ১০ টাকা। হোয়াটসঅ্যাপ সন্দেশের দাম রাখা হয়েছে ১৫ টাকা পিস। এছাড়াও আছে বেক মিহিদানা, পদ্ম সন্দেশ। মিষ্টির দোকানের কর্ণধার সঞ্জীব বণিক বলেন, মিষ্টি নিয়ে পরীক্ষানিরীক্ষা করাটাই আমার নেশা। তাই এ বছর ভাইফোঁটা উপলক্ষ্যে এতগুলি নতুন মিষ্টি বানালাম। যা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 
মিষ্টিমুখ করতে করতে একঘেয়েমি চলে এলে রয়েছে তারও ব্যবস্থাও। ভাইফোঁটা উপলক্ষ্যে তৈরি করা হয়েছে পদ্ম নিমকি। গোলাকার খাঁজকাটা পদ্ম নিমকি দেখতে অনেকটা নারায়ণের সুদর্শন চক্রের মতো। 
এত গেল সম্পূর্ণ বাঙালিয়ানা মিষ্টি। বৈরাগী দিঘি সংলগ্ন এই দোকানে রয়েছে টার্কিস মিষ্টির আইটেম ‘বাকলাভা’। ড্রাই ফ্রুটস বেক করে এই মিষ্টি তৈরি। দাম ৩০ টাকা। সঞ্জীববাবু বলেন, এই প্রথম আমরা টার্কির মিষ্টি তৈরি করলাম। • কোচবিহারে বিকোচ্ছে নানা রকমের মিষ্টি। - নিজস্ব চিত্র।