জয়পুর: প্রথম বলটাই উড়িয়ে দিল এক্সট্রা কভারের উপর দিয়ে। হতভম্ব বোলার শার্দূল ঠাকুর। তৃতীয় বলটাও গেল গ্যালারিতে। এবার বোলারের নাম আভেশ খান। ধারাভাষ্যকার শেন ওয়াটসন লাফিয়ে উঠলেন— ‘হচ্ছেটা কী?’ আইপিএলের মঞ্চে আবির্ভাব এভাবেই স্মরণীয় করে তুলল রাজস্থান রয়্যালসের ১৪ বছরের বৈভব সূর্যবংশী। তবে শেষ পর্যন্ত দল জয় না পাওয়ায় ক্রোড়পতি লিগের কনিষ্ঠতম ক্রিকেটারের (১৪ বছর ২৩ দিন) ২০ বলে ৩৪ রানের ইনিংস বিফলে গেল। শনিবার সোয়াই মানসিংহ স্টেডিয়ামে শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াইয়ে রাজস্থান রয়্যালসকে ২ রানে হারাল লখনউ সুপার জায়ান্টস।
টস জিতে প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ৫ উইকেটে ১৮০। জবাবে বৈভব ও যশস্বীর দাপটে একটা সময় মনে হচ্ছিল হাসতে হাসতে জয় পাবে রাজস্থান। যশস্বীর ব্যাট থেকে আসে ৫২ বলে ৭৪। তবে এই দু’জন আউট হতেই চাপ বাড়ে রাজস্থানের। ক্যাপ্টেন রিয়ান পরাগও (৩৯) চাপের মুহূর্তে উইকেট ছুড়ে দিয়ে আসেন। শেষ ওভারে জয়ের জন্য রয়্যালস-ব্রিগেডের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু আভেশ খানের আঁটসাঁট বোলিংয়ের সামনে দলকে জেতাতে ব্যর্থ জুরেল ও হেটমায়ার। ৫ উইকেটে ১৭৮ রানে থামে রয়্যালসের ইনিংস। ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরাও আভেশ। এই জয়ের সুবাদে চতুর্থ স্থানে উঠে এল লখনউ (৮ ম্যাচে ১০ পয়েন্ট)।
তার আগে শুরুটা ভালো হয়নি লখনউয়েরও। তবে চাপের মুহূর্তে দলকে টেনে তোলেন মার্করাম (৪৫ বলে ৬৬)। এছাড়া রান পেয়েছেন বাদোনি (৫০) ও সামাদও (৩০)।