জয়পুর: মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বৈভব সূর্যবংশী। প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজের মতো আন্তর্জাতিক বোলারদের রেয়াত করেনি। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরেও ব্যাট হাতে ঝড় তোলে বৈভব। এবার নেটেও দেখা গেল সেই ছবি। তার শটের আঘাতে হাসপাতালে ভর্তি হওয়ার উপক্রম হয়েছিল কয়েকজন ক্যামেরাম্যানের। আসলে আইপিএল শুরুর আগে রাজস্থান রয়্যালসের হয়ে এক প্রচারমূলক ভিডিও শ্যুট করছিল বিহারের বিষ্ময় বালক। সেখানে বৈভবের ব্যাটিং ক্যামেরাবন্দি করছিলেন ক্যামেরাম্যানরা। তখনই বৈভবের বুলেট গতির শট ধেয়ে আসে তাঁদের দিকে। বলের আঘাত থেকে রক্ষা পেতে কোনওক্রমে সরে যান তাঁরা। নাহলে নির্ঘাত হাসপাতালে ভর্তি হতে হতো ক্যামেরাম্যানদের। সঙ্গে সঙ্গে অবশ্য দৌড়ে গিয়ে তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন মারকুটে মেজাজের খুদে ব্যাটসম্যান।



