Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বৈভব-সামির দাপটে ফাইনালে উঠল পূর্বাঞ্চল

অপ্রতিরোধ্য পূর্বাঞ্চল। গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে ঈশান কিষানের দল

বৈভব-সামির দাপটে ফাইনালে উঠল পূর্বাঞ্চল
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: অপ্রতিরোধ্য পূর্বাঞ্চল। গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে ঈশান কিষানের দল। ২০১২-১৩ মরশুমের পর এই প্রথম পূর্বাঞ্চলের খেতাবি লড়াইয়ে ওঠার নেপথ্যে বড়ো অবদান থাকল বৈভব সূর্যবংশী, মুকেশকুমার, মহম্মদ সামির। ৬ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে চলা ফাইনালে দক্ষিণাঞ্চল বা উত্তরাঞ্চলের মুখোমুখি হবে তারা।

Advertisement

প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল, উভয় দলই তুলেছিল ২৬৬। এই পরিস্থিতিতে মঙ্গলবার, ম্যাচের তৃতীয় দিনে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংসে দাঁ঩ড়ি পড়ে ১৫৮ রানে। মুকেশ (৪-৪৪) ও সামিই (৩-৫৬) ধস নামান। দু’জনে মিলে নেন মোট ৭ উইকেট। ম্যাচের সেরা মুকেশের উভয় ইনিংস মিলিয়ে শিকারসংখ্যা ৭। ‘ব্রাত্য’ সামির ম্যাচে মোট সংগ্রহ ৫ উইকেট। একসময় ৮৭ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল মধ্যাঞ্চল। সেখান থেকে নবম উইকেটে ৪৩ রান যোগ করেন হর্ষ দুবে (২৪) ও আর্শাদ খান (২৫)। ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৬১ তুলে ফেলে পূর্বাঞ্চল। বৈভব ফের উপহার দেন দুরন্ত ইনিংস। ৪৩ বলে বিস্ময় কিশোরের ব্যাটে আসে ৪০। তাতে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। সেমি-ফাইনালে ১৫ বছর বয়সি দুই ইনিংস মিলিয়ে করে ১৩২ রান। সঙ্গী ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ফেরেন ২৪ রানে। পর পর উইকেট হারিয়ে এই সময় কিছুটা চাপে পড়ে যায় পূর্বাঞ্চল। তবে ক্যাপ্টেন ঈশান পাঁচে নেমে ৪১ বলে ৩৯ রানে অপরাজিত থেকে জিতিয়ে ফেরেন। 
অন্য সেমি-ফাইনালে ১৩৯ রানের লিড নিয়েছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে তারা তোলে ১৯৫। তিলক ভার্মার অপরাজিত ১১৬ রানের সুবাদে এদিন দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ৩১২ রানে। যা বিপক্ষের চেয়ে ১১৭ রান বেশি। দ্বিতীয় ইনিংস উত্তরাঞ্চল ৭ উইকেটে তুলেছে ২৫৬।

Advertisement
সম্পর্কিত সংবাদ