শ্রীলঙ্কার বিরুদ্ধেও ঝড় তুলতে প্রস্তুত যুবির মন্ত্রে উদ্দীপ্ত বৈভব
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দোহা: পাকিস্তানের বিরুদ্ধে হারের ধাক্কা ভুলে এশিয়া কাপ রাইজিং স্টারসে দুরন্ত ছন্দে ভারতীয় ‘এ’ দল। বৈভব সূর্যবংশীর দাপুটে দ্বিশতরানে গত ম্যাচে আমিরশাহীকে উড়িয়ে শেষ চারের টিকিট অর্জন করেছে ভারত ‘এ’। এবার বৃহস্পতিবার দোহায় সেমি-ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’। ছন্দ ধরে রেখে ফাইনালে জায়গা নিশ্চিত করাই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র। ব্যাটিংয়ে বৈভব ছাড়াও ভরসা জোগাচ্ছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিংরা। বোলিংয়ে রয়েছে প্রিন্স যাদব, হর্ষিত রানার মতো নাম। তবে ভারতীয় দলকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত শ্রীলঙ্কা। চলতি ৫০ ওভারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজেয় পবন রত্নায়েকের নেতৃত্বাধীন দল। তবে বৈভবকে না আটকাতে পারলে শ্রীলঙ্কার কপালে দুঃখ আছে।

Advertisement

এশিয়া কাপ রাইজিং স্টারসে প্রথম দুই ম্যাচে অবশ্য বড়ো রান পায়নি বৈভব। নিজের ব্যাটিং নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল ১৫ বছর বয়সি। কিন্তু যুবরাজ সিংয়ের সঙ্গে ৩০ মিনিটের ফোন কলই বদলে দেয় মানসিকতা। তারপরই আসে আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের ধ্রুপদি ইনিংস। ম্যাচের পর বৈভব নিজেই এই রহস্য ফাঁস করেছে। ১৫ বছর বয়সি বিস্ময় কিশোরের মন্তব্য, ‘সম্প্রতি সময়টা ভালো যাচ্ছিল না। এই প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে সেট হওয়ার পরও খারাপ ভাবে আউট হয়েছিলাম। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটের শেষ ম্যাচেও রান পাইনি। ফোকাস নড়ে গিয়েছিল। তবে আমার আইডল যুবরাজ স্যারের সঙ্গে ৩০ মিনিটের ফোন কলই মানসিকতা বদলে দেয়। স্যার আমায় পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দেন ঠিক কোথায় ভুল হচ্ছে। অনেক টেকনিক্যাল বিষয়েরও উল্লেখ করেন। পরে আমি নিজের ইনিংসের ভিডিয়ো দেখি। তখন ভুলগুলি বুঝতে পারি। পাশাপাশি কিছু বিষয় নিয়ে আমার দ্বিধা ছিল, সেগুলি নিয়েও আলোচনা করেছি। তিনি বলেন, আমি যদি ২০ বল খেলতে পারি, তাহলে স্কোর অন্যরকম হবে।’
আমিরশাহির বিরুদ্ধে বৈভবের ২০৪ রানের ইনিংসে রচিত হয়েছে একাধিক বিশ্বরেকর্ড। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড আগে থেকেই ছিল তার দখলে। মঙ্গবারের পর দ্রুততম সেঞ্চুরি, দেড়শো বা ডাবল সেঞ্চুরি— সবই এখন বিহারের বিস্ময় কিশোরের নামে। সেই পথে এক ইনিংসে সর্বাধিক ২৮টি ছক্কার নজিরও গড়েছে বৈভব। তার কথায়, ‘শুরুতেই পিচ বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম কয়েকটা বল ভালোভাবে ব্যাটে আসায় বুঝে গিয়েছিলাম, উইকেটে বোলারদের জন্য সাহায্য নেই। তাই নিজের সহজাত ব্যাটিং মেলে ধরি।’
 খেলা শুরু বিকাল ৩-৩০। সম্প্রচার সোনি স্পোর্টসে।