নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শনিবার ছিল দ্বিতীয় দিন। শিলিগুড়ি কলেজের মাঠে তিনদিনের ‘উত্তরের হাওয়া’ শীর্ষক সাহিত্য উৎসবে উত্তরবঙ্গের আট জেলা থেকে এদিনও বহু কবি, লেখক, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনের সম্পাদক, লেখকরা এসেছিলেন। মুক্তমঞ্চে দুপুর দু›টোয় কবিতা পাঠের আসর বসে। সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৯ জন কবিতা পাঠ করেন। কথা সমন্বকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট কবি সুবীর সরকার। উত্তরের নানা ভাষার সাহিত্য-আলোচনার সঞ্চালক ছিলেন অশেষকুমার দাস। বিকালে অনুষ্ঠিত হয় সম্পাদকদের বৈঠক। নানা জেলা থেকে আসা লিটল ম্যাগাজিনের সম্পাদকরা সেখানে উপস্থিত ছিলেন।
Advertisement
মুক্তমঞ্চের ঠিক পিছনেই সভাকক্ষ-১ ও ২-তে গল্পের জন্মকথা শীর্ষক আলোচনা, কবিতা পাঠ চলে। গল্পের জন্মকথার কথা সমন্বয়কের ভূমিকায় ছিলেন শুভময় সরকার ও জগদীশ আনোয়ার। দুপুর থেকেই লিটল ম্যাগাজিন মেলায় একে একে ভিড় জমাতে দেখা যায় সম্পাদক, কবি লেখকদের। কোচবিহার থেকে মেলার প্রথম দিন থেকে উপস্থিত আছেন কোচবিহারে পত্রিকা সম্পাদক দেবব্রত চাকি সহ একাধিক গল্পকার। দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন কবি সুরজ দাস, জলপাইগুড়ি থেকে এসেছেন গল্পকার মৃগাঙ্ক ভট্টাচার্য। সব মিলিয়ে সাহিত্য উত্সব জমজমাট শহরে। রবিবার এর সমাপ্তি।



