সংবাদদাতা, কান্দি: উত্তরপ্রদেশে সোনার দোকানের চুরির ঘটনায় খড়গ্রাম ও বড়ঞা থানা এলাকা থেকে তিন যুবককে আটক করা হল। রবিবার ভোরে উত্তরপ্রদেশ ও কলকাতা পুলিসের একটি স্পেশাল টিম এলাকায় পৌঁছে তাদের আটক করে।
Advertisement
কান্দি মহকুমা পুলিসের বিশেষ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে স্পেশাল টিমের কয়েকজন পুলিসকর্মী প্রথমেই খড়গ্রাম থানার মহিষার গ্রামে পৌঁছয়। সেখানে একজনকে আটক করা হয়। এরপর প্রতিবেশী খেসরগ্রামে গিয়ে আরও এক যুবককে আটক করা হয়। স্পেশাল টিমের সদস্যরা বড়ঞা থানা এলাকা থেকেও এক যুবককে আটক করে। পুলিসের বিশেষ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকে উত্তরপ্রদেশের একটি সোনার দোকানে কাজ করত। সেখানে মাসখানেক আগে একটি চুরির ঘটনা ঘটে। তারপরই ওই যুবকরা বাড়ি চলে আসে। কলকাতার বাসিন্দা এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে আটক হওয়া যুবকদের মোবাইলে কথাবার্তা হতো বলে পুলিসের ধারণা। তাছাড়া খড়গ্রামের যুবকদের সঙ্গে কলকাতার ব্যবসায়ীর আত্মীয়তাও রয়েছে। খড়গ্রাম থানার পুলিস জানিয়েছে, আটক হওয়া যুবকদের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। একটি স্পেশাল টিম এই অপারেশন চালিয়েছে।



