Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের 

উত্তরপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের 
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
 সংবাদদাতা, মালদহ: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার জেরে প্রাণ গেল মালদহের এক তরুণ পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত হলেন আরেক তরুণ পরিযায়ী শ্রমিক। মাত্র কয়েকদিন আগে মধ্যপ্রদেশে মোবাইল ফোনের টাওয়ার বসাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় মালদহের তিন পরিযায়ী শ্রমিকের। 
Advertisement
সব মিলিয়ে গত কয়েক দিনে ভিনরাজ্যে মৃত্যু হল চার পরিযায়ী শ্রমিকের। শনিবার উত্তরপ্রদেশের এলাহাবাদে টাওয়ার ভেঙে পড়ে মৃত শ্রমিকের দেহ সোমবার গ্রামে নিয়ে আসা হয় ইংলিশবাজারের মিল্কি পঞ্চায়েতের নতুনটোলা গ্রামে। কান্নার রোল ওঠে পরিবারের সদস্যদের মধ্যে।
ওই মোবাইল টাওয়ার বসানোর কাজে কর্মরত মালদহের আরেক পরিযায়ী শ্রমিক রাজু শেখ বলেন, শনিবার দুপুরে এলাহাবাদে মোবাইল টাওয়ার বসানোর কাজে ব্যস্ত ছিলেন আমির শেখ (২১)। আমরা দুপুরে খাওয়ার জন্য নীচে নেমে এসেছিলাম। আচমকাই ওই টাওয়ারটি ঘুরে যায় ও ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরের। 
নিয়ামতপুরের বাসিন্দা আরেক তরুণ পরিযায়ী শ্রমিক সেলিম শেখের পায়ের হাড়ও ওই দুর্ঘটনার জেরে ভেঙে গিয়েছে। তাঁর চিকিৎসা চলছে। আহত অপর চার শ্রমিককে অবশ্য প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
মৃত শ্রমিকের বাবা মতি শেখ বলেন, মাস দেড়েক আগে টাওয়ারের কাজে গিয়েছিল আমির। কিন্তু ভাবতেও পারিনি ছেলে আর কখনও ফিরে আসবে না। আমরা আর্থিকভাবে অত্যন্ত দরিদ্র। রাজ্য সরকার আমাদের পরিবারের পাশে দাঁড়ালে উপকৃত হব।
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিলের জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যকে আর্থিক ভাবে বঞ্চনার মাধ্যমে বাংলার দরিদ্র পরিবারের যুবক যুবতীদের ভিনরাজ্যে কাজে যেতে বাধ্য করছে কেন্দ্র। তাঁদের অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন। রাজ্য সরকার এই শ্রমিকদের বিকল্প উপার্জনের জন্য সচেষ্ট রয়েছে।
অন্যদিকে দক্ষিণ মালদহ জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যে শিল্প নেই। কাজ নেই। পর্যাপ্ত উপার্জন নেই। তাই বাংলার শ্রমিকরা অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন।
সম্পর্কিত সংবাদ