সংবাদদাতা, শিলিগুড়ি: দশ দফা দাবিতে বুধবার উত্তরকন্যা অভিযান করল স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অভিযানে শামিল হন উত্তরবঙ্গের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। এদিন সকাল থেকে শিলিগুড়ির জলপাইমোড়ে জমায়েত করেন তাঁরা। তারপর মিছিল করে উত্তরকন্যার উদ্দেশে যান। কিন্তু বিশাল পুলিস বাহিনী তিনবাত্তি মোড়ে মিছিলটি আটকে দেয়। পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য অনুমতি দেয় প্রশাসন। সেই মতো আন্দোলনকারীরা উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন।
Advertisement
সংগঠনের উত্তরবঙ্গ শাখার সভাপতি রামপ্রসাদ সরকার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটকে অনুমোদন দেন। আমরা স্টেট এডেড কলেজ টিচার্স হিসেবে কাজ শুরু করি। তারপর পাঁচ বছর পেরিয়ে গেলেও আমাদের বেতন বাড়েনি। সবরকম ছুটির সুবিধাও আমাদের নেই। চিকিৎসার জন্য মেডিক্লেম বা কোন ভাতাও আমাদের দেওয়া হয় না। বর্তমান বাজার মূল্যের পরিস্থিতিতে যে টাকা বেতন পাই, তা দিয়ে চলে না। ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব নয়। এই সব সুযোগ-সুবিধা প্রদানের সঙ্গে মহিলা শিক্ষিকাদের মিউচুয়াল ট্রান্সফার চালু করার দাবিও রয়েছে আমাদের।



