Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গজুড়ে অপারেশন চালাচ্ছে ভিনরাজ্যের দুষ্কৃতীরা, সতর্ক পুলিস

উত্তরবঙ্গজুড়ে অপারেশন চালাচ্ছে ভিনরাজ্যের দুষ্কৃতীরা, সতর্ক পুলিস
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
তারক চক্রবর্তী , শিলিগুড়ি উত্তরবঙ্গজুড়ে অপারেশন চালাচ্ছে একাধিক রাজ্যের দুষ্কৃতী দল। খুন সহ নানা ধরনের অপরাধের পিছনে বিহারের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীদের যোগ মিলছে। সম্প্রতি স্যুট বুট পরা মধ্যপ্রদেশের দুষ্কৃতী দলের বিষয় সামনে এসেছে। বছরখানেক আগে শিলিগুড়ির মাটিগাড়ার গাড়ির শোরুমে ডাকাতিতে হাত মিলেছিল মধ্যপ্রদেশের পাদরি গ্যাংয়ের। একইভাবে উত্তর দিনাজপুর জেলা সহ উত্তরের একাধিক জেলায় চুরি, ছিনতাই থেকে মাদক পাচারেও যোগ মিলেছে বিহারের একাধিক দুষ্কৃতী দলের। বারবার এমন ঘটনায় নাম জড়াচ্ছে ভিনরাজ্যের দুষ্কৃতী দলের।
Advertisement
অন্য রাজ্য থেকে উত্তরের জেলাগুলিতে কারা ঢুকছে? কোন দুষ্কৃতীরা তাদের রাজ্যে বড়সড় ঘটনা ঘটিয়ে উত্তরের কোথাও লুকিয়ে আছে কি না, তা জানতে কি ব্যর্থ পুলিস? প্রশ্ন উঠছেই। তবে পুলিসের দাবি, দুষ্কৃতী, সে জেলারই হোক বা ভিনরাজ্যের হোক, তাদের রুখতে  নাকা চেকিং করছে উত্তরের সমস্ত জেলার পুলিস। এমনকী বিহার, ওড়িশা সহ পার্শ্ববর্তী রাজ্যে কোনও বড় দুষ্কৃতী কার্যকলাপ হলেই বাড়তি নজরদারি চালায় পুলিস।
উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব বলেন, আমরা আমাদের সমস্ত গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সব সময় এবিষয়ে নজরদারি রাখতে নির্দেশ দিয়ে রেখেছি। সংশ্লিষ্ট রাজ্য পুলিসের আধিকারিকদের সঙ্গে মাঝেমধ্যেই বৈঠক করা হয়। দু’পক্ষের মধ্যেই নিজেদের নিজেদের এলাকার মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীদের তালিকা একে অপরকে দিয়ে দেওয়া হয়। কোনও গোপন তথ্য থাকলে স্পেশাল নাকা চেকিংও বাড়িয়ে দেওয়া হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমাদের স্পেশাল সেলগুলি লাগাতার নজরদারি রাখে। দুষ্কৃতীদের গতিবিধি জানতে পার্শ্ববর্তী রাজ্যের পুলিসের সঙ্গেও যোগাযোগ রাখা হয়।
তবে পুলিস নজরদারির কথা বললেও সম্প্রতি উত্তরবঙ্গজুড়ে একাধিক অপরাধের পিছনে প্রতিবেশী রাজ্য বিহারের দুষ্কৃতীদের যুক্ত থাকার বিষয় প্রকাশ্যে এসেছে। সম্প্রতি মালদহের তৃণমূল কাউন্সিলার বাবলা সরকারকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বিহারের সুপারি কিলার। এক বছর আগে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় পঞ্চায়েত প্রধান খুনের পিছনে বিহারের সুপারি কিলাররা যুক্ত ছিল। সম্প্রতি চোপড়ায় ব্যাঙ্ক থেকে বের হওয়ার পর এক মহিলার ব্যাগ ছিনতাই করে দুই দুষ্কৃতী। এই ঘটনারেও বিহারের দুষ্কৃতীরা জড়িত। 
অন্যদিকে, শিলিগুড়িতে মাঝেমধ্যেই বিহারের দুষ্কৃতীরা ধরা পড়ে। মহাকুমার অনেক জায়গায় নকল মদ তৈরির কারখানা চালায় বিহারের দুষ্কৃতীরা। একইভাবে শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বেআইনি অস্ত্র পাচার থেকে শুরু করে চুরি ছিনতাইয়ের ঘটনার পিছনেও বারবার বিহারের দুষ্কৃতীদের যোগ মেলে। ওয়াকিবহাল মহলের মতে, দুষ্কৃতীরা যেভাবে শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তা কীভাবে পুলিসের নজর এড়িয়ে যাচ্ছ? এবিষয়ে পুলিসের বাড়তি নজরদারির দাবিতে সরব উত্তরের বাসিন্দাদের একাংশ।
সম্পর্কিত সংবাদ