Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ মেডিক্যালে সিসিইউ’তে জোরকদমে বেড বৃদ্ধির তোড়জোড়

উত্তরবঙ্গ মেডিক্যালে সিসিইউ’তে জোরকদমে বেড বৃদ্ধির তোড়জোড়
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউ’তে বেড সংখ্যা বাড়তে চলেছে। সুপার স্পেশালিটি ব্লকে সংশ্লিষ্ট ইউনিট সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে সিসিইউ’তে বেড বাড়ছে।তবে দার্জিলিংয়ের ডিএমের নির্দেশমতো ডিসেম্বর মাসের মধ্যে  সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু করার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 
Advertisement
হাসপাতালের অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু করার উদ্যোগ শুরু হয়েছে। আপাতত সিসিইউ এবং ট্রমা কেয়ার সেন্টার সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুপার স্পেশালিটি ব্লকে যে ব্যবস্থা রয়েছে তাতে সিসিইউ’তে ৩০টি বেড করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। হাইব্রিড সিসিইউ’তে এখন ১৪টি বেড। কিন্তু চাহিদা বিপুল। হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীরা সময়মতো সিসিইউ’তে বেড পাচ্ছেন না। আবেদন জানিয়ে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নার্সিংহোমের বিপুল খরচ শেষ পর্যন্ত টানতে না পেরে বহু পরিবার তাদের রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ’তে এনে ভর্তি করছেন। ফলে ১৪টি বেডের অর্ধেক বেডে নার্সিংহোমের রোগীরাই থাকেন। সম্প্রতি দার্জিলিংয়ের ডিএম প্রীতি গোয়েল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। দুই হাসপাতালের বিভিন্ন কাজের অগ্রগতি ও পরিষোবা নিয়ে পর্যালোচনা করেন। সেই বৈঠকেই ডিএম সুপার স্পেশারিটি ব্লকে ইন্ডোর পরিষেবা কেন চালু হচ্ছে না জানতে চেয়েছিলেন। 
হাসপাতালের তরফে জানানো হয়েছিল, সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন জায়গায় ফলস সেলিং খুলে পাড়ার কারণেই ইন্ডোর পরিষেবা চালু করা যাচ্ছে না। ওই বৈঠকে উপস্থিত পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নভেম্বর মাসের মধ্যেই ফলস সিলিংয়ের কাজ তারা শেষ করে দেবেন। কিন্তু এখনও সেই কাজ শেষ করে উঠতে পারেনি পূর্তদপ্তর। যদিও তাঁরা জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করা হবে। এ কারণেই ডিসেম্বর মাসের মধ্যে সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু করার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে হাইব্রিড সিসিইউ এবং ট্রমা কেয়ার সেন্টার সরিয়ে নিয়ে গিয়ে সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা দ্রুত চালু করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি শুরু করেছে। 
পরিকল্পনা মতো সুপার স্পেশালিটি ব্লকে নিউরো, নেফ্রো, কার্ডিও’র মতো ব্যয়বহুল চিকিৎসার ইন্ডোর পরিষেবার চালু করার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে টালবাহানা করার অভিযোগ উঠেছে। গরিব মানুষ হৃদরোগের ব্যয়বহুল চিকিৎসার জন্য বেসরকরি পরিষেবার যেতে বাধ্য হচ্ছে। যদিও কর্তৃপক্ষের বক্তব্য, ক্যাথ ল্যাব না আসায় কার্ডিওলজি বিভাগের ইন্ডোর পরিষেবা চালু করা যাচ্ছে না। নতুন ভবনের ছাদের ফাটল মেরামত সহ কিছু কাজ বাকি রয়েছে। সেকারণেই পূর্ণাঙ্গ  ইন্ডোর পরিষেবা চালু করা যাচ্ছে না। 
সম্পর্কিত সংবাদ