Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ মেডিক্যাল পরিদর্শন করল সিকিউরিটি অডিট কমিটি

উত্তরবঙ্গ মেডিক্যাল পরিদর্শন করল সিকিউরিটি অডিট কমিটি
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বিশাল ক্যাম্পাস হওয়াটাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সেসঙ্গে রয়েছে একাধিক উন্মুক্ত পথ। তার সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো হাসপাতালের ওয়ার্ড ঘেঁষে গজিয়ে ওঠা বাজার এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রাজ্য সিকিউরিটি অডিট কমিটির বৈঠকে এই দিকগুলি উঠে এসেছে। 
Advertisement
বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, অনেক বড় এলাকা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়ে উঠেছে। নিরাপত্তার ক্ষেত্রে এটাই এই মোডিক্যাল কলেজের কাছে বড় চ্যালেঞ্জ। 
এদিন  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। দুই মোডিক্যালের প্রতিনিধিরা তাঁদের কিছু সমস্যার কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যানকে। তা পর্যালোচনা করে দেখা হবে, অনেক ভালো প্রস্তাব এসেছে বলে জানান চেয়ারম্যান। 
বৈঠক শেষে সুরজিৎ কর পুরকায়স্থ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। ক্যাম্পাস ঘুরে দেখার সময়ও তাঁর নজরে আসে একাধিক গেট, এমনকী বাজারটিও। এসব বন্ধ করার নির্দেশ দেন। জরুরি বিভাগের সামনে কোলাপসিবল গেট বসাতে বলেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ডের গা ঘেঁষে থাকা বাজার সরিয়ে দেওয়ার জন্য পুলিস প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ দেন। 
উত্তরবঙ্গ মেডিক্যালের অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, এ দিনের বৈঠকে যে বিষয়গুলি আমাদের বলা হয়েছে, তার অনেকগুলির প্রস্তাব আমরা স্বাস্থ্যভবনে আগেই পাঠিয়েছি। এখনও সেসবের অনুমোদন আসেনি। এর পাশাপাশি হাসপাতালের মধ্যে থাকা বাজার, একাধিক যাতায়াতের পথ বন্ধ করার বিষয়গুলিও আলোচনায় উঠেছে। পরিদর্শনে এসে বেশকিছু বিষয়ে চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন। বেসরকারি অ্যাম্বুলেন্স থাকার উপর নিয়ন্ত্রণ আনতে বলেছেন। উচ্চক্ষমতা সম্পন্ন এবং একমাস রেকর্ডিং ব্যাকআপ থাকে এমন সিসি ক্যামেরা ও হার্ডডিক্স বসাতে বলেছেন। হাসপাতাল চত্বরে অনেক জায়গায় অন্ধকার রয়েছে। সেখানে লাইট এবং হাইমাস্ট লাইট বসানোর নির্দেশ দিয়েছেন। 
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা, সুপার ডাঃ সঞ্জয় মল্লিক, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের আধিকারিকরা। 
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চারদিকে একাধিক উন্মুক্ত পথ থাকা নিয়ে বার বার অভিযোগ উঠেছে। বিভিন্ন সমেয়ে এসব গেট এবং বাজার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও কার্যকর হয়নি। আর জি কর কাণ্ডের পর রাজ্য সরকার সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে বিশেষ পদক্ষেপ করেছে। তারই অঙ্গ হিসেবে সিকিউরিটি অডিট কমিটি সব খতিয়ে দেখছে। এই কমিটির সুপারিশ মতো এবার এই অবৈধ গেট ও বাজার বন্ধ হয় কি না সেটাই এখন দেখার।
সম্পর্কিত সংবাদ