সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতালে এজেন্সির ঠিকা কর্মীদের বায়োমেট্রিক হাজিরা চালু হচ্ছে। এই দুই হাসপাতালে এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক সাফাই কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। উত্তরবঙ্গ মেডিক্যালে চুক্তিভিত্তিক দু’টি এজেন্সির প্রকৃত কতজন ঠিকা কর্মী কাজ করেন এনিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিযোগ, চুক্তি অনুযায়ী এজেন্সি সমস্ত কর্মীকে কাজে লাগায় না। কম লোক দিয়ে কাজ চালিয়ে চুক্তির হিসেবে বরাদ্দ কর্মীর পুরো টাকা তারা নিয়ে নেয়। এরসঙ্গে হাসপাতালের একাংশের যোগসাজশ রয়েছে।
Advertisement
বায়োমেট্রিক হাজিরা চালু হলে সেই কারচুপি বন্ধ হবে বলে আশা জেলা স্বাস্থ্য আধিকারিকদের। পাশাপাশি নিযুক্ত প্রতিটি কর্মীর সঠিক পরিচয়ও হাসপাতালের কাছে থাকবে। একজনের কাজ মর্জিমতো বাইরের কাউকে দিয়ে করানো যাবে না। শুক্রবার দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতালের বিভিন্ন পরিষেবা ও প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গিয়েছে, চুক্তিভিত্তিক এজেন্সির ঠিকা কর্মীদেরও এবার থেকে বায়োমেট্রিক হাজিরা চালু করার নির্দেশ দেন তিনি। শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার চন্দন ঘোষ বলেন, এজেন্সির অস্থায়ী কর্মীদের বায়োমেট্রিক হাজিরা চালু করার নির্দেশ পেয়েছি। তার পরিকাঠামো তৈরির প্রস্তুতি নিতে শুরু করেছি। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যালে সুপার স্পেশালিটি ব্লক চালু করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। নভেম্বরের মধ্যে পূর্তদপ্তর এই সুপার স্পেশালিটি ব্লকের ক্ষতিগ্রস্ত ফলস সিলিং মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দু’টি ফ্লোরে ইন্ডোর পরিষেবা ডিসেম্বরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক।



