Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্থান একাদশীতে অনেকেই রাত জাগায় ভোটের গতি শ্লথ

উত্থান একাদশীতে অনেকেই রাত জাগায় ভোটের গতি শ্লথ
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সিতাই বিধানসভা উপ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মীদের ‘ভোট পোল’-এর টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল। তারজন্য প্রয়োজনে দশবার ভোটারদের বাড়ি যেতে বলা হয়েছিল। গিয়েও ছিলেন তৃণমূল কর্মীরা। ভোটের দিন তাই তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রথম থেকেই ভোটের হার নিয়ে খোঁজখবর নেন। বুথে বুথে গিয়ে, গোসানিমারি পার্টি অফিসে বসে, নির্বাচনী ক্যাম্প অফিসে গিয়ে কর্মীদের কাছে ভোটের হারের খবর নিয়েছেন তিনি। সকাল ৯টায় সিতাই কেন্দ্রে ভোটের হার ছিল মাত্র ১২ শতাংশ। সকাল ১১টায় কোনও মতে তা বেড়ে দাঁড়ায় ২৯ শতাংশে। এরপর বেলা ১টায় ৪৫ ও বেলা ৩টেয় ৫৮ শতাংশ ভোট পড়ে। এমপি বলেন, মঙ্গলবার রাতে উত্থান একাদশী ছিল। সেই কারণে বহু মানুষ উপোস, নাম সংকীর্তন করেছে। সকালে অনেকে নদীতে স্নান করে বাড়িতে খাওয়াদাওয়া সেড়ে ভোট দিতে এসেছেন। তাই ভোটের হার সকালের দিকে কম ছিল। রাত জাগায় একটু দেরিতে ভোট দিতে এসেছেন অনেক ভোটারই। 
Advertisement
যদিও জগদীশবাবুর যুক্তি মানতে নারাজ বিজেপি প্রার্থী দীপককুমার রায়। তাঁর দাবি, তাই যদি হবে তাহলে যেসব এলাকায় সনাতনীদের সংখ্যা কম সেখানে সকাল থেকে ভোট বেশি পড়ত। তা তো হয়নি! আসলে মানুষ ভীতসস্ত্রস্ত ছিল। পরের দিকে ছাপ্পা করেছে বলেই ভোটের হার বেড়েছে।
সম্পর্কিত সংবাদ