নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া শহরের সমস্ত রাস্তাই বেহাল। পাশাপাশি উত্তরপাড়া ও জাতীয় সড়কের মধ্যে সংযোগকারী রাস্তার অবস্থাও ভালো নয়। এরই মধ্যে প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল-অফিসের ব্যস্ত সময়ে শহরের মধ্যে দিয়ে চলাচল করছে ডাম্পার। পণ্যবাহী গাড়ি থেকে বড়ো লরি শহরে ঢুকে পড়ায় নাগরিকদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। বেহাল পথের সঙ্গে ডাম্পারের মতো বড়ো গাড়ির চলাচল পথচারীদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে। অভিযোগ, সবটাই হচ্ছে প্রশাসনের উদাসীনতায়। অন্যদিকে, রাজ্য সরকারের ভাঁড়ারে টাকার জোগান না থাকায় রাস্তা সংস্কারের কাজ থমকে গিয়েছে। বিপাকে পড়ায় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর দাবি, ডাম্পার সহ অন্যান্য গাড়ি কখন শহরে ঢুকতে পারবে, তা বৃহস্পতিবারের উচ্চপর্যায়ের বৈঠকে স্থির হয়েছে। সেগুলির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এমনকি, কোনো ডাম্পার, লরি বা পণ্যবাহী গাড়ি নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। বিধায়ক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে সময়ের আগে শহরে অন্য কোনো গাড়ি ঢুকলে কড়া পদক্ষেপ করতে হবে। আমি শুনেছি, সম্প্রতি এক প্রভাবশালী নিষেধাজ্ঞা না মেনে উত্তরপাড়া শহরে গাড়ি নিয়ে এসেছিলেন। তাঁকে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, আমরা উত্তরপাড়া শহরের সব রাস্তা দ্রুত মেরামত করব। রাজ্য সরকার এ বিষয়ে আগ্রহী হলেও আর্থিক সঙ্কটের কারণে পর্যাপ্ত টাকা পাওয়া যায়নি। সম্প্রতি উত্তরপাড়ার নাগরিক সঙ্কট নিয়ে সরব হয়েছে সিপিএম। সরকারি উদাসীনতার প্রতিবাদ করে বাম-কর্মীরা নিজেরা হাত লাগিয়ে রাস্তা সারাইও করেছেন। সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, শুধু কথার ফুলঝুরি ছাড়া উত্তরপাড়ায় কিছুই দেখা যাচ্ছে না। রাস্তা গায়েব হয়ে গিয়েছে। প্রশাসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরপাড়ার নাগরিকদের জন্য পরিস্থিতি ভয়াবহ।
উত্তরপাড়ার সব রাস্তা বহুদিন ধরেই খারাপ। নানা মহল থেকে এনিয়ে অভিযোগ হলেও কাজের কাজ কিছুই হয়নি। ইতিমধ্যেই ধাড়সা ও কোতরং ধর্মতলার মধ্যবর্তী রাস্তায় কার্যত মরণফাঁদ তৈরি হয়েছে। একাধিক দুর্ঘটনা সেখানে ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। রাস্তা নিয়ে নাস্তনাবুদ মানুষের কাছে এর মধ্যে নতুন সমস্যা হিসাবে জুটেছে ব্যস্ত সময়ে ট্রাক-ডাম্পারের যাতায়াত। সব মিলিয়ে উত্তরপাড়াবাসীর ক্ষোভ তুঙ্গে উঠেছে। নিজস্ব চিত্র



